চট্টগ্রামে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু, কাউন্টারে উপস্থিতি কম
করোনা সংক্রমণ রোধে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ শেষে ১১ আগস্ট থেকে চালু হচ্ছে রেল চলাচল। আজ সোমবার চট্টগ্রাম রেলস্টেশনে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। তবে বিক্রির প্রথম দিনে টিকিট কিনতে কাউন্টারে মানুষের উপস্থিতি কম দেখা গেছে।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম স্টেশন থেকে সারা দেশে আট জোড়া আন্তনগর ও চার জোড়া মেইল ট্রেন চলাচল করছে। এবার ট্রেনের মোট টিকিটের অর্ধেক কাউন্টার এবং বাকি অর্ধেক অনলাইন থেকে কেনার সুযোগ রাখা হয়েছে। আগামী বুধবার থেকে ট্রেনের সব আসনে যাত্রী পরিবহন করা হবে।
টিকিট বিক্রির প্রথম দিন স্টেশনে অগ্রিম টিকিট কিনতে এসেছিলেন আরাফাত হোসেন। ঢাকায় যাবেন তিনি। আরাফাত বলেন, ঢাকায় তাঁর জরুরি কাজ আছে। বাসের চেয়ে ট্রেনে চলাচল আরামদায়ক। তাই ট্রেনের টিকিট কিনতে এসেছেন।
জানতে চাইলে রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী প্রথম আলোকে বলেন, প্রথম দিন হওয়াতে মানুষের উপস্থিতি কম রয়েছে। অনেকেই হয়তো অগ্রিম টিকিট বিক্রির বিষয়টি জানেন না। তবে ট্রেন চলাচলের সব প্রস্তুতি নেওয়া শেষ হয়েছে।
চলমান কঠোর বিধিনিষেধ শুরু হয় গত ২৩ জুলাই সকালে। চলবে কাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত। বুধবার থেকে শর্ত সাপেক্ষে অফিস, গণপরিবহনসহ সবকিছু খুলে দেওয়া হবে। এ বিষয়ে গতকাল রোববার আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।