চট্টগ্রামে রেলের চার একর জমি দখলমুক্ত
চট্টগ্রাম নগরের পাহাড়তলী সেগুনবাগান এলাকায় প্রায় চার একর জায়গা থেকে তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে রেলের ভূসম্পদ বিভাগ। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে গতকাল বুধবার দিনভর এ অভিযান চালানো হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় কার্যালয়গুলো পাহাড়তলী সেগুনবাগান এলাকায় অবস্থিত। রাজনৈতিক ছত্রচ্ছায়ায় সেখানে কয়েক হাজার অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। গতকাল সেগুনবাগান এলাকার চার একর জায়গা থেকে পাকা-সেমিপাকা, কাঁচা ঘরবাড়ি ও দোকানপাট বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়। গতকাল সকাল সাড়ে ১০টায় উচ্ছেদ অভিযান শুরু হয়। চলে বিকেল পৌনে তিনটা পর্যন্ত।
গতকাল উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সরকারের উপসচিব ও রেলের বিভাগীয় ভূসম্পদ কর্মকর্তা মো. জসিমউদ্দিন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর। অভিযানে ৬০ পুলিশ ও রেলের ২০ নিরাপত্তা কর্মী অংশ নেয়। গতকাল সকাল থেকে বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়। বেলা বাড়ার পর ভূমির অবৈধ ব্যবহারকারীরা দলবল নিয়ে সেখানে বাধা দেওয়ার চেষ্টা করেন। জড়ো হওয়া প্রায় হাজার দেড়েক লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে হইচই করছিলেন। অবৈধ ব্যবহারকারীদের বাধার মুখেও উচ্ছেদ অভিযান বন্ধ না হওয়ায় ৩০-৩৫ জন হিজড়াকে দাঁড় করিয়ে দেওয়া হয়।
রেলের বিভাগীয় ভূসম্পদ কর্মকর্তা মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘ দিন ধরে অবৈধ ব্যবহারকারীরা রেলের জমিতে স্থাপনা তৈরি করে ব্যবহার করে আসছিলেন। সেখানে অনেকে পাকা ঘরও বানিয়েছিলেন। আমরা বুলডোজার দিয়ে সব গুঁড়িয়ে দিয়েছি। আর উচ্ছেদ অভিযানের শেষ মুহূর্তে দেড়-দুই হাজার মানুষ আমাদের কাজে বাধা দিতে আসে। আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে অভিযান চালাই।’
মো. জসিম উদ্দিন আরও বলেন, ‘স্থানীয় লোকজনের বাধা না মেনে অভিযান চলার কারণে ৩০-৩৫ জন হিজড়া এসে আমাদের বাধা দেয়। হিজড়াদের কেউ লেলিয়ে দিতে পারেন। তখন আমাদের অভিযান প্রায় শেষ হয়ে যায়। আমরা শক্তি প্রয়োগ না করে সফল অভিযান চালিয়ে চলে আসি। বাধা যতই আসুক, আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
গতকালের অভিযানের শেষ মুহূর্তে হইচই হলে সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ হোসেন ঘটনাস্থলে যান। তিনি উত্তেজিত জনতাকে শান্ত করেন।
পাহাড়তলী এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের ছত্রচ্ছায়ায় রেলের জায়গা দখল হয়। সেখানে বসতঘর ছাড়াও দোকানপাট ও রাজনৈতিক দলের কার্যালয় বানানো হয়েছে।