চট্টগ্রামে রেলের দুই কর্মচারী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়মের মাধ্যমে চাকরি নেওয়ার অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের দুই কর্মচারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ হাসানুল ইসলাম এই আদেশ দেন। ওই দুই রেল কর্মচারী হলেন টিকিট চেকার ইসমাইল হোসেন ও সোহেল রানা। এ মামলার অন্য তিন আসামি হলেন রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা, সাবেক সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া ও টিকিট চেকার শাহিদা আক্তার। এই তিন আসামি বর্তমানে পলাতক। দুদকের কৌঁসুলি (বিশেষ পিপি) মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, ইসমাইল হোসেন ও সোহেল রানা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে তাঁরা আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুদক সূত্র জানায়, পারস্পরিক যোগসাজশে নিয়োগ পরীক্ষার খাতা ঘষামাজা করে প্রাপ্ত নম্বর পরিবর্তনের অভিযোগে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি মামলাটি করা হয়। নগরের কোতোয়ালি থানায় করা মামলার বাদী দুদকের উপসহকারী পরিচালক নাজিম উদ্দিন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬৩, ১৬৭, ৪৭৭(ক), ২১৭, ১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।