চট্টগ্রামে রেলের সম্পদ হরিলুট হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে রেলের সম্পদ ও জমি হরিলুট হয়েছে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার তিনি চট্টগ্রামে এ মন্তব্য করেন।গতকাল বেলা পৌনে তিনটায় ট্রেনযোগে চট্টগ্রাম রেলস্টেশনে এসে পৌঁছান রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা ওবায়দুল কাদের। রেলস্টেশন থেকে পাহাড়তলী রেলওয়ে কারখানায় যান মন্ত্রী। সেখান থেকে ঝাউতলা ওয়্যারলেস কলোনি ও আকবর শাহ মাজার এলাকায় রেলওয়ের বেদখল জমি দেখতে যান। আকবর শাহ মাজার এলাকা থেকে পাহাড়তলী লোকোশেডে যান মন্ত্রী। এরপর তিনি নগরের সিআরবিতে রেল কর্মকর্তা ও সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন।যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘চট্টগ্রামে রেলের সম্পদ ও জমি হরিলুট হয়েছে। আমি কি এর বিরুদ্ধে কথা বলব না?’ তিনি বলেন, ‘কীভাবে কখন রেলের জমি বেদখল হয়েছে আমি তার রিপোর্ট চাই। আগের রিপোর্ট হলে চলবে না। হালনাগাদ প্রতিবেদন চাই। এটা আমাকে দিতেই হবে।’ মন্ত্রী বলেন, ‘আমার জানামতে, পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার একর জমি বেদখল হয়ে গেছে।’ এর আগে পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ পরিদর্শন শেষে ওয়্যারলেস কলোনি এলাকায় যান মন্ত্রী। সেখানে গাড়ি থেকে নেমে সড়কের দুই পাশের জমির মালিকানা বিষয়ে জানতে চান রেলমন্ত্রী। এ সময় রেল কর্মকর্তারা জানান, এখানে প্রায় ২০০ একর রেলের জমি বেদখল হয়ে আছে। সেখানে একপর্যায়ে মন্ত্রী বলেন, ‘এসব দখলের পেছনে আপনারা জড়িত। কারা জড়িত, আমি জানি। সর্ষের মধ্যেই ভূত আছে।’