চট্টগ্রামে রোগীদের দুর্ভোগ চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আজ শুক্রবার টানা তৃতীয় দিনের মতো বেসরকারি হাসপাতাল ও ব্যক্তিগত চেম্বারে চিকিৎসাসেবা বন্ধ রেখেছেন চিকিৎসকেরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা। বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়ে এবং রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলে এই পরিস্থিতি সম্পর্কে জানা যায়।

নগরের কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক থেকে আজ দুপুর ১২টার দিকে লিভারের জটিলতায় ভোগা শাশুড়ি সাজেদা বেগমকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসেন মো. জুয়েল। তিনি বলেন, ‘হলি ক্রিসেন্টে ভর্তি করাতে গিয়েও ডাক্তারদের ধর্মঘটের কারণে পারিনি। ব্যক্তিগত চেম্বারেও দেখাতে পারিনি। তাই বাধ্য হয়ে মেডিকেলে নিয়ে আসি।’
এভাবে বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে না পেরে বাধ্য হয়ে রোগীরা ছুটছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দিকে।
তিন চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার মামলা প্রত্যাহারের দাবিতে গত বুধবার দুপুরের পর থেকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখা এই কর্মসূচির ডাক দেয়। চিকিৎসকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাঁরা এই আন্দোলন থেকে সরে যাবেন না বলে জানিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রোগীর ভিড় আগের চেয়ে বেড়েছে। জয়নাল নামের এক ব্যক্তি জানান, ‘আমি আমার বাচ্চাকে নিয়ে এক ডাক্তারের ব্যক্তিগত চেম্বারে গিয়েছিলাম। কিন্তু তিন দিন ধরে তাঁরা নাকি রোগী দেখছেন না। তাই বাধ্য হয়ে মেডিকেলে এসেছি।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আজ সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রোগী এসেছে ৬২০ জন, যা আগের দিনের চেয়ে ৫০ জন বেশি। সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত পাঁচ ঘণ্টায় জরুরি বিভাগে রোগী এসেছে ১৪৫ জন।
জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ থাকায় এবং বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি না করানোর কারণে রোগী আগের চেয়ে কিছুটা বেড়েছে। শনিবার এটা আরও বাড়তে পারে।
হাসপাতালের হৃদরোগ বিভাগে বেলা একটা পর্যন্ত রোগী ছিল ২৪৬ জন। সকাল আটটা পর্যন্ত ভর্তি হয় ৫৪ জন। নাম প্রকাশ না করার শর্তে কর্তব্যরত একজন চিকিৎসক বলেন, গড়ে ৩০ জনের বেশি রোগী ভর্তি হয় না। কিন্তু চিকিৎসকদের ধর্মঘটের কারণে এখন রোগী বেড়েছে।
হৃদরোগ বিভাগে ভর্তি এক রোগীর স্বজন মোখলেসুর রহমান বলেন, ‘আমার বাবা বুকে ব্যথা অনুভব করায় গতকাল বৃহস্পতিবার ডাক্তার দেখাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তাই মেডিকেলে চলে এসেছি।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগেও রোগীর ভিড় ছিল বেশি। নগরের কর্নেলহাট থেকে কবির আহমদ তাঁর বোনকে প্রসূতি বিভাগে ভর্তি করান আজ সকালে। তিনি বলেন, ‘আমার বোন ডা. নাছিমার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। কথা ছিল বাইরে কোথাও ভর্তি করানোর। এর মধ্যে ডাক্তারদের আন্দোলন শুরু হওয়ায় এবং আমার বোনের ব্যথা ওঠায় এখানে ভর্তি করাই। এখানে এত রোগী, কিন্তু সে অনুযায়ী ডাক্তার নেই।’
আন্দোলনের বিষয়ে জানতে চাইলে বিএমএ চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান বলেন, ‘রোগীদের কষ্টের কথা ভেবে আমরা চিকিৎসকেরা ডিউটির পরও প্রতিদিন বিকেলে হাসপাতালে যাই। জটিল রোগীদের সেবা দিই।’
বিএমএ চট্টগ্রাম শাখা আন্দোলনের বিষয়ে আগামীকাল শনিবার মানববন্ধন ও সংবাদ সম্মেলন ডেকেছে।
বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও রোগ নির্ণয় কেন্দ্রে চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বার বন্ধ এবং রোগী ভর্তি বন্ধ বলে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন হাসপাতাল থেকে এখনো প্রতিদিন চিকিৎসক দেখাতে এসে রোগীরা ফিরে যাচ্ছেন বলে জানা গেছে।
সিএসসিআর নামের বেসরকারি হাসপাতাল ও রোগ নির্ণয়কেন্দ্রে প্রতিদিন ৫৫ জন চিকিৎসক রোগী দেখেন। ওই হাসপাতালে মায়া আকতার নামের একজন কর্মকর্তা চিকিৎসকদের সিরিয়াল নিয়ে থাকেন। আজ দুপুরে মায়া আকতার বলেন, ‘এখনো ডাক্তারের সিরিয়ালের জন্য ফোন আসছে, কিন্তু আমরা নিচ্ছি না।’
১০ জানুয়ারি সার্জস্কোপ নামের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের পর মেহেরুন্নেছা নামের এক প্রসূতি মারা যান। চিকিৎসক শামীমা সিদ্দিকী রোজি ও তাঁর চিকিৎসক স্বামী মাহবুবুল আলম এই অস্ত্রোপচার করেন। পরে এ ঘটনার প্রতিবাদে ওই হাসপাতালে রোগীর স্বজনেরা ভাঙচুর চালান। একই ঘটনায় অস্ত্রোপচারকারী চিকিৎসকদের শাস্তি দাবিতে মানববন্ধনও করা হয়। এ ঘটনায় মঙ্গলবার আদালতে ওই দুই চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে মামলা করা হয়। একই দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অপর এক চিকিৎসক রানা চৌধুরীর বিরুদ্ধেও চিকিৎসায় অবহেলার অভিযোগে আদালতে পৃথক আরেকটি মামলা হয়। মামলার পরদিন থেকে বিএমএ এই আন্দোলন শুরু করে।