ব্যবসায়ীদের সঙ্গে মহানগর পুলিশ কমিশনারের সভা
চট্টগ্রামে রোজার শুরুতে মার্কেটের সামনে হকার বসতে দেওয়া হবে না
যানজট নিরসনের জন্য পবিত্র রমজান মাসের শুরু থেকে বিভিন্ন বিপণিবিতানের (মার্কেট) সামনের ফুটপাতে হকারদের বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার। গতকাল সোমবার দুপুরে নগর পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, মার্কেটের সামনের ফুটপাতে দোকান থাকলে ঈদের কেনাকাটা করতে আসা লোকজন সমস্যায় পড়বেন। এ কারণে রোজার শুরুতেই বিভিন্ন মার্কেটের সামনের ফুটপাত খালি করা হবে। সেখানে পণ্যের পসরা নিয়ে কাউকে দোকান তুলতে দেওয়া হবে। এ ছাড়া সড়কের যেসব জায়গায় হকারদের কারণে যানজট হয়, সেসব এলাকার ফুটপাত রোজার শুরুতেই খালি করা হবে। প্রতিটি মার্কেটে আলাদা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করার পাশাপাশি যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তা করারও আহ্বান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ উল হাসান, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগির আহমেদ, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান প্রমুখ।
দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা রমজান মাসে যানজট নিরসন, নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, সভায় পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন পণ্যের মূল্যতালিকা দোকানে ঝুলিয়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।