চট্টগ্রামে রোকেয়া দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হলো নারী অধিকার আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়া দিবস। দিনটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা, সমাবেশসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন সংগঠন।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন কার্যালয়ের উদ্যোগে ‘জয়িতার অন্বেষণে বাংলাদেশ’ কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলার পাঁচজন নারীকে সম্মাননা জানানো হয়।
গতকাল সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে সম্মাননা তুলে দেন জেলা প্রশাসক আবদুল মান্নান। পাঁচটি ক্যাটাগরিতে তাঁদের সম্মাননা জানানো হয়।
সম্মাননা পাওয়া নারীরা হচ্ছেন জেসমিন সুলতানা, হাটহাজারীর বীথিকা চক্রবর্তী, সন্দ্বীপের জ্যোৎস্না বেগম, রাঙ্গুনিয়ার ছেনোয়োরা বেগম এবং পটিয়ার রোকসানা আকতার। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সানাউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বেগম রোকেয়ার আদর্শে নারীদের এগিয়ে যাওয়ার প্রশংসা করেন।
বাংলাদেশ মহিলা পরিষদ, চট্টগ্রাম জেলার উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। নগরের দোস্ত বিল্ডিংয়ে মহিলা পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি লতিফা কবির। বক্তারা বলেন, বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত। তিনি না হলে নারীরা বিশেষ করে মুসলমান নারীরা অন্দরমহল ছেড়ে রাজপথে আন্দোলনে নামতে পারত না।
এদিকে গতকাল সকালে শোভাযাত্রা ও সমাবেশ করেছে নারী জাগরণ প্রগতি সংঘ। নগরের ডিসি হিল থেকে বের হয়ে শোভাযাত্রাটি শহীদ মিনার ঘুরে আবারও ডিসি হিলে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে সমাবেশে বক্তারা বলেন, সবগুলো রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্বের কথা থাকলেও এখনো তা কার্যকর হয়নি। জাতীয় সংসদ নির্বাচনে ৩৩ শতাংশ নারীকে মনোনয়ন দেওয়ারও দাবি জানান বক্তারা।
সমাবেশের সভাপতিত্ব করেন নারী জাগরণ প্রগতি সংঘের প্রধান ফেরদৌস আহম্মেদ।