চট্টগ্রামে রোগ নির্ণয় কেন্দ্রে ডাকাতি ১১ লাখ টাকা লুট
চট্টগ্রাম নগরের পাঁচলাইশে গত শুক্রবার রাতে একটি রোগ নির্ণয়কেন্দ্রে ডাকাতি হয়েছে। ডাকাতের দল ওই প্রতিষ্ঠানের লকার ভেঙে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করেছে বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে মুখোশধারী ছয়জন ডাকাত অস্ত্রের মুখে কর্মীদের জিম্মি করে শেভরন নামের রোগ নির্ণয়কেন্দ্রের বেসমেন্টের লকার কক্ষে ঢুকে। এ সময় ওই কক্ষে সন্তোষ দাশ, মিলন দাশগুপ্ত ও সুজন চৌধুরী নামের তিন কর্মকর্তা কাজ করছিলেন। এ সময় চিকিৎসক শেখ আনোয়ারুল করিম গাড়ি রাখতে বেসমেন্টে ঢুকলে তাঁকেও ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়, ডাকাতেরা লকার খুলে ১০ লাখ ৭০ হাজার টাকা, সন্তোষের গলায় থাকা স্বর্ণের চেইন এবং ছয়টি মোবাইল ফোনসেট নিয়ে যায়। গত বৃহস্পতিবার ও শুক্রবারের রোগ নির্ণয়ের সব টাকা লকারে ছিল। এ ঘটনায় গত শুক্রবার রাতে অজ্ঞাত ছয়-সাতজনকে আসামি করে পাঁচলাইশ থানায় একটি মামলা করা হয়েছে।