চট্টগ্রামে রোগী রেখে চিকিৎসকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলহাজতে পাঠানো চিকিৎসকের মুক্তির দাবিতে আজ বুধবার চট্টগ্রামের প্রবর্তক মোড়ে মানববন্ধন করেছেন চিকিৎসকেরা। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ মানববন্ধন ও সমাবেশে চিকিৎসক সংগঠনের নেতা, সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা অংশ নেন।

চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসকেরা গতকাল মঙ্গলবার থেকে চেম্বারে রোগী দেখা বন্ধ রাখার ঘোষণা দেন। পাশাপাশি বেসরকারি হাসপাতালে রোগী না দেখার সিদ্ধান্তের কথাও জানান। তবে সরকারি হাসপাতালে বেলা আড়াইটা পর্যন্ত চিকিৎসাসেবা দেবেন বলে জানিয়েছিলেন। আজ সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার সময় তাঁরা ঘণ্টা খানেক মানববন্ধন ও সমাবেশ করেন। অন্য কোথাও চিকিৎসা না পেয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগীরা দুর্ভোগে পড়েন।

মানববন্ধনে বক্তারা চিকিৎসক সুরমান আলীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান। চিকিৎসকদের দাবি, তাঁরা বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক, তাঁদের হয়রানি করা যায় না। একই সঙ্গে তাঁরা চিকিৎসকদের দিয়ে তদন্ত কমিটি করার দাবি জানান।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের ব্যানারে এ মানববন্ধন ও সমাবেশ হয়। এতে বক্তব্য দেন বিএমএ চট্টগ্রামের সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা রোগ বিভাগের সহযোগী অধ্যাপক মুজিবুল হক খান, কেন্দ্রীয় বিএমএর সদস্য ও একই মেডিকেলের শিশুস্বাস্থ্য বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন মাহামুদ, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের প্রধান শাহানা চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন ভূঁইয়া প্রমুখ। সমাবেশে উপস্থিত দুই শতাধিক চিকিৎসকের মধ্যে বেশির ভাগই চট্টগ্রাম মেডিকল কলেজ হাসপাতালের।

অস্ত্রোপচারের পর রোগীর শরীরে সুই রেখে দেওয়ার অভিযোগে গত সোমবার চট্টগ্রামের একটি আদালত সুরমান আলী নামের এক চিকিৎসককে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনার পর গতকাল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও কয়েকটি চিকিৎসক সংগঠন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি সভা করে। সভায় সব ধরনের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার সিদ্ধান্তের পাশাপাশি ওই চিকিৎসকের মুক্তি দাবি করা হয়। তবে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ থাকলেও সরকারি-বেসরকারি সব হাসপাতালে চিকিৎসকেরা সেবা দেবেন বলে জানিয়েছিলেন।