চট্টগ্রামে রোজার আগে মাদক ও ছিনতাইপ্রবণ এলাকায় অভিযান
চট্টগ্রামে ছিনতাইকারীসহ অপরাধীদের নতুন তালিকা তৈরি ও মাদক বিক্রির জায়গাগুলো চিহ্নিত করে অভিযান শুরুর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধবিষয়ক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।পুলিশ সূত্র জানায়, নগরবাসী যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সে জন্য রমজানের আগেই সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত হয় বৈঠকে। এ জন্য ছিনতাইপ্রবণ এলাকা চিহ্নিত করতে সংশ্লিষ্ট থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে। আর ওই এলাকাগুলোতে কারা ছিনতাই করে তার একটি তালিকা তৈরির সিদ্ধান্ত হয়। ছিনতাইকারীদের তালিকা তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার উপপুলিশ কমিশনাররা তা যাচাই-বাছাই করবেন।সূত্র জানায়, নগরে মাদকের ব্যবহার উদ্বেগজনকহারে বাড়ছে। এ কারণে অপরাধের প্রবণতাও বেড়ে চলছে। তাই নগরে মাদক কেনাবেচার হাট ধ্বংস করা হবে। আর এ কাজে নগর পুলিশ, র্যাব, রেলওয়ে পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে অভিযান চালানো হবে। পুলিশ কমিশনার আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘পবিত্র রমজানের আগেই আমরা ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শুরু করতে চাই। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জানান, চট্টগ্রাম রেলস্টেশন ও আশপাশের এলাকা মাদক ব্যবসায়ীদের আখড়া হিসেবে পরিচিত। এসব জায়গা থেকে নগরের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ হয়ে থাকে। মাদক ব্যবসায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত এবং মাদকের হাট ধ্বংস করতে পুলিশ এবার সর্বোচ্চ শক্তি ব্যবহার করবে।ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আরও জানান, নগরের বিভিন্ন বিপণিবিতান ও আশপাশের এলাকায় সাধারণ নাগরিকেরা ছিনতাইয়ের শিকার হয় বেশি। বিশেষ করে রিকশা বা অটোরিকশার যাত্রীরা প্রতিনিয়ত ছিনতাইকারীদের কবলে পড়ে। এ রকম ছিনতাইপ্রবণ এলাকা চিহ্নিত ও যারা ছিনতাই করে তাদের তালিকা তৈরি করা হবে। আর ছিনতাইকারীদের ধরতে সাদা পোশাকে এবার বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। পুলিশ সূত্র জানায়, নিরপরাধ কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হয়—সে ব্যাপারে সতর্ক থাকতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠকে নির্দেশ দেওয়া হয়। গত জুন মাসে দায়ের হওয়া সব মামলা দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্ট ওসিদের বলা হয়েছে।