চট্টগ্রামে টহল পুলিশ, র্যাব ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য গাড়ি রিকুইজিশন বন্ধ করে দিয়েছে মহানগর পুলিশের যানবাহন (ট্রাফিক) বিভাগ। হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে গত রোববার থেকে পুলিশ গাড়ি রিকুইজিশন বন্ধ করে দেয়। ফলে চট্টগ্রাম মহানগরে র্যাব-পুলিশের টহল কমে গেছে। চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (যানবাহন) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, হাইকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের সমম্বয়ে গঠিত একটি বেঞ্চ হরতাল, বিক্ষোভ ও প্রাকৃতিক দুর্যোগের মতো পরিস্থিতি মোকাবিলা ছাড়া সব ধরনের গাড়ি রিকুইজিশনের ব্যাপারে শর্ত জুড়ে দিয়েছেন। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গাড়ি রিকুইজিশনের শর্ত মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে ১০ জন বিশিষ্ট আইনজীবীকে এমিকাস কিউরি নিয়োগ দেন আদালত। তাঁরা আদালতে এ বিষয়ে মতামত দেবেন। পুলিশ সূত্র জানায়, হাইকোর্টের আদেশের কপি গত রোববার চট্টগ্রাম মহানগর পুলিশের কাছে পৌঁছে। এরপর পুলিশ সব ধরনের গাড়ি রিকুইজিশন বন্ধ করে দেয়। ফলে নগরের উত্তর এলাকায় পুলিশের ২৭টি এবং বন্দর এলাকার ১৬টি টহল দলকে মাঠে নামানো যায়নি। টহল পুলিশ বা র্যাবের জন্য প্রয়োজনীয় যানবাহনের অভাব পূরণে দীর্ঘদিন ধরে ট্রাফিক বিভাগের মাধ্যমে বেসরকারি গাড়ি রিকুইজিশন করা হচ্ছিল। এসব গাড়ি ব্যবহার করে পুলিশ বা র্যাব সদস্যরা নগরে টহল দিত। নাম প্রকাশে অনিচ্ছুক নগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘হাইকোর্টের আদেশকে সম্মান জানিয়ে আমরা গাড়ি রিকুইজিশন বন্ধ রেখেছি। গাড়ির অভাবে নগরে পুলিশের টহল কমে গেছে। এই সুযোগে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠতে পারে। ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা নিয়েও আমাদের হিমশিম খেতে হচ্ছে।’নগর পুলিশের যানবাহন বিভাগ সূত্র জানায়, হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গাড়ি রিকুইজিশনের ব্যাপারে শর্ত জুড়ে দেন। শর্তে বলা হয়, গাড়ি রিকুইজিশনের ক্ষেত্রে মালিককে ১৫ দিনের মধ্যে প্রকৃত ভাড়া দিতে হবে। আর এ সময় গাড়ির ক্ষতি হলে ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ দিতে হবে। প্রসঙ্গত, চিটাগাং অটোরিকশা ও অটো টেম্পো ফোর স্ট্রোক সিএনজি মালিক সমিতির সভাপতি আবুল কাশেম পুলিশের গাড়ি রিকুইজিশনের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন। রিটে তিনি স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, মহাপুলিশ পরিদর্শক, নগর পুলিশ কমিশনার ও উপপুলিশ কমিশনারকে (যানবাহন) বিবাদী করেন। বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের সমম্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ গত মাসে শুনানি শেষে এই আদেশ দেন। তবে এমিকাস কিউরি হিসেবে নিয়োগ পাওয়া সুপ্রিম কোর্টের ১০ জন বিশিষ্ট আইনজীবীর মতামত নিয়ে আদালত এ বিষয়ে রায় দেবেন। এমিকাস কিউরি হিসেবে নিয়োগ পান রফিকুল হক, আমীর উল ইসলাম, এম এ জহির, মওদুদ আহমদ, রোকনউদ্দিন মাহমুদ, আহতার ইমাম, আজমালুল হোসেন, মেজবাউদ্দিন, ফিদা এম কামাল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বা সাধারণ সম্পাদক।