চট্টগ্রামে র্যাব-৭-এর ছয় কর্মকর্তা, হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১২ জনের বিরুদ্ধে নালিশি হত্যা মামলা দায়ের করা হয়। নিহত আনোয়ার হোসেন ওরফে জসীমের স্ত্রী জান্নাতুল ফেরদৌস মণি বাদী হয়ে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের বিচারিক হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে অভিযোগটি দায়ের করেন। পরে আদালত অভিযোগটি খারিজ করে দেন।
বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তাঁর স্বামী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বের করারও আবেদন করেন তিনি।
বাদীর আইজীবী বদরুল হক চৌধুরী প্রথম আলোকে সন্ধ্যায় বলেন, সকালে ছয় র্যাব কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগে আরজি দায়ের করা হলেও বিকেলে আদালত তা খারিজ করে দেন। এ আদেশের বিরুদ্ধে রিভিশন মামলা দায়ের করা হবে।
অভিযুক্তরা হলেন র্যাব-৭-এর উপসহকারী পরিচালক রহমত উল্লাহ ও রফিকুল ইসলাম, এসআই নুরুল আলম, এএসআই মফিজুল ইসলাম ও জসিম উদ্দিন, কনস্টেবল রেজওয়ান, হাটহাজারী থানার ওসি মো. ইসমাঈল, রাউজানের আলবার হোসেন, হাটহাজারীর আবদুল রাজ্জাক, মহিউদ্দিন, রাজু ও ফটিকছড়ির আবু।
বাদী মামলার আরজিতে উল্লেখ করেন, আসামি আলবার হোসেন ও আবদুল রাজ্জাক তাঁর স্বামী আনোয়ার হোসেন ওরফে জসীম ও দেবর গিয়াস উদ্দিনকে গত ২১ জুলাই রাতে রাউজানের নদীমপুর গ্রাম থেকে ডেকে নিয়ে যান। পরে জানতে পারেন তাঁর স্বামী র্যাবের সঙ্গে গোলাগুলিতে মারা যান। হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করতে দেবরকে অস্ত্র মামলায় আসামি করে র্যাব। নিজেদের মধ্যে গোলাগুলিতে তাঁর স্বামী মারা যান বলে র্যাব হাটহাজারী থানায় মামলা দায়ের করে।
বাদী দাবি করেন, মোটা অঙ্কের অর্থ নিয়ে পরিকল্পিতভাবে তাঁর স্বামীকে হত্যা করে দেবরকে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেয় র্যাব। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করার আবেদন করেন আদালতে। মামলায় পাঁচজনকে সাক্ষী রাখা হয়েছে।