চট্টগ্রামে লইট্যা মাছে ফরমালিন, দুজনকে জরিমানা
নগরের ষোলশহর কর্ণফুলী কমপ্লেক্স বাজারে ফরমালিনযুক্ত লইট্যা মাছ বিক্রির দায়ে দুই বিক্রেতাকে সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এই আদালত পরিচালনা করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা অভিযানে নেতৃত্ব দেন।অভিযানে অংশ নেওয়া মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী জানান, কর্ণফুলী কমপ্লেক্সের দুই খুচরা বিক্রেতার কাছে প্রায় ৬০ কেজি লইট্যা মাছ পাওয়া যায়। এই মাছগুলো পরীক্ষা করে ফরমালিনের অস্তিত্ব পাওয়া গেছে। তাই তাঁদের মৎস্য সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। খুচরা মাছ বিক্রেতা মালু মিয়াকে পাঁচ হাজার ও রফিকুল ইসলামকে দুই হাজার টাকা জরিমানা করা হয় বলে জানা গেছে। পরে মাছগুলো মাটিতে গর্ত খুঁড়ে পুঁতে ফেলা হয়।পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে জেলা মৎস্য ও মাননিয়ন্ত্রণ দপ্তরের রসায়নবিদ মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা সুজিত চ্যাটার্জি উপস্থিত ছিলেন। জানা গেছে, এর আগে কাজীর দেউড়ি, চকবাজার, সুপারশপ স্বপ্নসহ বিভিন্ন স্থানে ফরমালিনযুক্ত লইট্যা মাছ পাওয়া যায়। তখন বিক্রেতাদের জরিমানা করা হয়।