চট্টগ্রামে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আরও এক মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে চট্টগ্রামে আরও একটি মামলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে মামলাটি করেন নগরের পাহাড়তলীর আবদুল হালিম খান। অভিযোগ আমলে নিয়ে আদালত সমন জারি করেন লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে। আগামী ২৩ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন।
এর আগে চট্টগ্রামে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ১ অক্টোবর চারটি মামলা হয়েছিল আদালতে।
বাদীর আইনজীবী রফিকুল আহসান প্রথম আলোকে বলেন, দণ্ডবিধির ২৯৫ (এ), ২৯৮ ও ১৫৩ (এ) ধারায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বৈরিতা সৃষ্টির চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
মন্ত্রী লতিফ সিদ্দিকী সম্প্রতি নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে নিজেকে হজ ও তাবিলগবিরোধী দাবি করেন। তাঁর এ বক্তব্যের পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। তাঁর পদত্যাগও দাবি করেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন।