চট্টগ্রামে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ৪ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল লতিফ সিদ্দিকী
আবদুল লতিফ সিদ্দিকী

ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আজ বুধবার চট্টগ্রামে পৃথক চারটি মামলা হয়েছে।

ইফতেখার হোসেন চৌধুরী, আবদুস সাত্তার ও কাউসার পারভীন বাদী হয়ে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে এবং আবদুল কাইয়ুম বাদী হয়ে চট্টগ্রাম মহানগর হাকিম আহাম্মদ সাঈদের আদালতে মামলাগুলো দায়ের করেন।

আদালত অভিযোগ আমলে নিয়ে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারি করেন। ২৩ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেন। মামলায় দণ্ডবিধির ২৯৫ (ক) ধারায় অভিযোগ আনা হয়।

বাদীর আইনজীবী এনামুল হক প্রথম আলোকে বলেন, হজ, তাবলিগ জামাত সম্পর্কে মন্তব্য করে লতিফ সিদ্দিকী ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন। এ জন্য তাঁর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। চারটি মামলার আরজিতে একই অভিযোগ আনা হয়েছে। সকালে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে বিকেলে আসামির বিরুদ্ধে সমন জারি করেন।

আবদুল লতিফ সিদ্দিকী গত রোববার নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে নিজেকে হজ ও তাবলিগবিরোধী দাবি করেন। তাঁর এসব বক্তব্যের পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। তাঁর পদত্যাগও দাবি করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন।