চট্টগ্রামে লন্ডন-ফেরত তরুণীর ওপর সন্ত্রাসী হামলা, হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সন্ত্রাসীরা লন্ডন-ফেরত এক তরুণীকে অ্যাসিড মারার হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন চন্দনপুরা এলাকায় একটি বহুতল ভবন নির্মাণ করছেন ওই তরুণী। কয়েক দিন ধরে সন্ত্রাসীরা তাঁর কাছ থেকে এক কোটি টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না পেয়ে তাঁকে পেটানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানায়, ১৬ নভেম্বর রাত ১১টার দিকে স্থানীয় সন্ত্রাসীরা চন্দনপুরা এলাকার নির্মাণাধীন বাড়িতে হামলা চালায়। এ সময় বিশ্রামরত নির্মাণশ্রমিকদের মারধর করা হয়। সন্ত্রাসীরা তরুণীর কক্ষে গিয়ে চড়াও হয়।কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার আবদুল মান্নান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, তরুণীকে পেটানোর খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে স্থানীয় লোকজনের সঙ্গে পুলিশ কথা বলেছে।জানতে চাইলে পিটুনির শিকার তরুণী প্রথম আলোকে বলেন, ‘আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতাকোত্তর ডিগ্রি নিয়ে সাড়ে তিন বছর আগে লন্ডনে পড়াশোনা করতে চলে যাই। যাওয়া-আসার মধ্যে চার পুরুষ আগের প্লটে বহুতল ভবন নির্মাণের কাজে হাত দিয়েছি। ভবন নির্মাণ করছি বলে স্থানীয় কিছু লোক এক কোটি টাকা চাঁদা দাবি করে আসছে। ১৬ নভেম্বর রাতে সন্ত্রাসীরা আমার ওপর চড়াও হয়। পাশে বিচারকদের আবাসিক ভবন। সেখান থেকে কোনো এক বিচারক পুলিশ ডাকলে আমি রক্ষা পাই। এর আগে সন্ত্রাসীরা আমাকে রড দিয়ে পিটিয়ে শরীরের কিছু অংশ থেতলে দেয়।’ তরুণী আরও জানান, সন্ত্রাসীরা এখনো ক্ষিপ্ত। অ্যাসিড নিক্ষেপ করে শরীর ঝলসে দেবে বলে হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে আইনগত প্রতিকার চাইতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।