চট্টগ্রামে লাঠিপেটা, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে গতকাল রোববার হরতাল চলাকালে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। নাসিমন ভবনের সামনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ১০ জন আহত হন। তাঁদের মধ্যে পুলিশের তিন সদস্যও রয়েছেন। সকালের দিকে শহরতলির কাট্টলী এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়।নাসিমন ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় পুলিশ ও বিএনপি পরস্পরকে দায়ী করেছে। পুলিশের দাবি, বিএনপির বিবদমান দুই পক্ষের কোন্দলে এ ঘটনা ঘটেছে। বিএনপি অভিযোগ করেছে, বিনা উসকানিতে পুলিশ তাদের ওপর হামলা চালিয়েছে। পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে বিএনপি ও ছাত্রশিবিরের ২১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।নগর বিএনপির সভাপতি আমীর খসরু অভিযোগ করেন, ‘আমরা নাসিমন ভবনের সামনে ফুটপাতে সমাবেশ করছিলাম। এ সময় পেছনের দিকে একটি শব্দ হয়। এরপর পুলিশ বিনা উসকানিতে শান্তিপূর্ণ সমাবেশে নেতা-কর্মীদের লাঠিপেটা করে। এতে আমাদের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হন। আমিও পুলিশের হামলা থেকে রক্ষা পাইনি।’নাসিমন ভবনের সামনে পুলিশের হামলায় আহত ব্যক্তিরা হলেন নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দস্তগীর চৌধুরী, সাবেক সাংসদ রোজী কবির, ওয়ার্ড কাউন্সিলর মো. ইসমাইল, ছাত্রদলের নেতা বরকত উল্লাহ ও কামরুল ইসলাম। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা পৌনে ১২টার দিকে নাসিমন ভবনের সামনে ফুটপাতে আমীর খসরুর সমর্থকেরা হরতালের সমর্থনে সমাবেশ করছিলেন। সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিনের নেতৃত্বে বিএনপির আরেকটি অংশ নাসিমন ভবনের ফটকের সামনে সমাবেশ করছিল। সোয়া ১২টার দিকে কাজীর দেউড়ির দিক থেকে একটি সিএনজি অটোরিকশা দুই সমাবেশের মাঝখানের সড়ক দিয়ে যাচ্ছিল। একটি সমাবেশ থেকে কিছু কর্মী ওই অটোরিকশা ভাঙচুরের চেষ্টা চালান। আমীর খসরু ও তাঁর অনুসারীরা কর্মীদের যানবাহন ভাঙচুর না করার জন্য চিৎকার করতে থাকেন।প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে পেছন থেকে অটোরিকশা লক্ষ্য করে বিএনপির একজন কর্মী বড় ইটের টুকরো নিক্ষেপ করেন। লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই ইটের টুকরো নাসিমন ভবনের সামনে দাঁড়ানো এক পুলিশ সদস্যের পায়ে পড়ে। এতে ওই পুলিশ সদস্য আহত হন। এরপর পুলিশ এলোপাতাড়ি লাঠিপেটা শুরু করে। নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। মুহূর্তের মধ্যে সংঘর্ষ গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। পুলিশের লাঠিপেটায় আমীর খসরু ও দস্তগীর চৌধুরী পিঠে ও মাথায় আঘাত পান।কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ দাবি করেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে। মীর নাছিরের অনুসারীরা সিএনজি অটোরিকশা ভাঙতে চাইলে আমির খসরুর সমর্থেকেরা বাধা দেন। এর মধ্যে তাঁদের নিক্ষেপ করা ইটের একটি টুকরো পুলিশ সদস্যের ওপর পড়ে। পুলিশ আত্মরক্ষার্থে পিকেটারদের সরিয়ে দেয়।জানা গেছে, নাসিমন ভবনের সংঘর্ষ পার্শ্ববর্তী লাভলেইন ও কাজীর দেউড়ি এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ পিকেটারদের ছত্রভঙ্গ করতে ১৭টি কাঁদানে গ্যাসের সেল ও একটি ফাঁকা গুলি ছোড়ে। পিকেটাররা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিক থেকে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় রাস্তার মোড়ে মোড়ে টায়ার ও খড়কুটোয় আগুন লাগিয়ে দেয় বিএনপির পিকেটাররা। সেখান থেকে পুলিশ আমীর হোসেন ও লিটন নামে দুজনকে গ্রেপ্তার করে।এর আগে বেলা ১১টার দিকে শহরতলির কাট্টলী এলাকায় একটি কাভার্ড ভ্যান ও নোয়াখালীগামী শাহী এক্সপ্রেসের একটি বাস ভাঙচুর করছিলেন বিএনপির কর্মীরা। পুলিশ বাধা দিলে সেখানে উভয় পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা ধরে সংঘর্ষ হয়। পুলিশ পিকেটারদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের চারটি সেল ও ১২টি ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ বিএনপির দুই নারী কর্মীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে।এদিকে গতকাল হালিশহরের বি ব্লক এলাকায় পিকেটিং করার সময় পুলিশ আখি সুলতানা, রিয়া, নার্গিস ও নূরজাহান নামের চার নারী কর্মীকে গ্রেপ্তার করেছে। নগরের চান্দগাঁও এলাকায় বিএনপির কর্মী-সমর্থকদের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পিকেটিং করছিলেন। সেখানে পুলিশ ধাওয়া করে মোরশেদ আলম নামে শিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করে। নগরের ডবলমুরিং থানার বাদামতলী মোড় এলাকায় পিকেটিং করার সময় বিএনপির কর্মী মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। সকালের দিকে ইপিজেড মোড়ে গাড়ি ভাঙচুরের চেষ্টাকালে পুলিশ পিকেটারদের লাঠিপেটা করে।আওয়ামী লীগের সমাবেশ: হরতালের বিপক্ষে চট্টগ্রাম জেলা ও নগর আওয়ামী লীগ মিছিল-সমাবেশ করেছে। পৃথক সমাবেশে বক্তারা বিএনপি ও খালেদা জিয়ার সমালোচনা করেন। দুপুরে জেলা পরিষদ চত্বরে সমাবেশ করে দক্ষিণ জেলা আওয়ামী লীগ। আর নগর আওয়ামী লীগ সমাবেশ করে দলীয় কার্যালয় দারুল ফজল মার্কেট চত্বরে। আ জ ম নাছিরের নেতৃত্বাধীন নগর আওয়ামী লীগের একাংশ সমাবেশ করে আন্দরকিল্লা মোড়ে।