চট্টগ্রামে লাফ দিয়ে পালিয়েছে আসামি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম আদালত এলাকায় গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে গেছেন এক আসামি। গতকাল কোতোয়ালি থানা থেকে আদালত ভবনে নেওয়ার পথে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামির নাম মো. আজাদ (২৮)। পুলিশ সূত্র জানায়, বেলা তিনটার দিকে কোতোয়ালি থানার চারজন পুলিশ কনস্টেবল আজাদকে মাইক্রোবাসে উঠিয়ে আদালতের দিকে নিয়ে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি আইনজীবী অ্যানেক্স ভবনের পাশ পার হওয়ার সময় আজাদ লাফ দিয়ে পালিয়ে যান। আসামি আজাদ নগরের জহুর হকার্স মার্কেটের একটি কাপড়ের দোকানের কর্মচারী। পাশের আরেক দোকানের মালিকের কাছ থেকে মোটরসাইকেলটি চালাতে দেওয়ার অনুরোধ করেন আজাদ। ওই মালিক মোটরসাইকেল চালাতে না দেওয়ায় ক্ষুব্ধ হন আজাদ। গত রোববার আজাদ ওই মালিকের বাসায় গিয়ে মোটরসাইকেলটি চুরি করে নিজের বাসায় নিয়ে যান। মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ মোটরসাইকেল উদ্ধার এবং আজাদকে গ্রেপ্তার করে।