চট্টগ্রামে লেখাজোকা কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০ শিক্ষার্থীর প্রাণবন্ত অংশগ্রহণে গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে লেখাজোকা কর্মশালা।
হরলিকস-কিশোর আলো আয়োজিত স্বপ্নের গল্প বলো প্রতিযোগিতার অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়।
গতকাল দুপুর ১২টায় চট্টগ্রাম বন্ধুসভার সাধারণ সম্পাদক মিনহাজ হোসাইনের সঞ্চালনায় শুরু হয় কর্মশালা। এর উদ্বোধন করেন রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার আচার্য। তিনি বলেন, কিশোর আলোর এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সঠিকভাবে বেড়ে উঠতে সহায়তা করবে। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূর হোসেন।
সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় কর্মশালা। প্রথমে অনুষ্ঠিত হয় লেখালেখিবিষয়ক কর্মশালা। কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী এটি পরিচালনা করেন। এরপর অনুষ্ঠিত হয় আঁকাআঁকিবিষয়ক কর্মশালা। এটি পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রভাষক শারদ দাশ। কর্মশালায় শিক্ষার্থীরা প্রশিক্ষকদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।