চট্টগ্রামে লোকসংস্কৃতি উৎসব শুরু হচ্ছে আগামী শুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ডিসি হিলে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব। চট্টগ্রামের সমাজ, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিবিষয়ক গবেষণা সংগঠন সমাজ সমীক্ষা সংঘ এই উৎসবের আয়োজন করেছে। উৎসবের স্লোগান রাখা হয়েছে ‘জ্বালাও আলো, আপন আলো’।
উৎসব উপলক্ষে গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে সমাজ সমীক্ষা সংঘ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উৎসব কমিটির চেয়ারম্যান আবু তাহের মাসুদ।
লিখিত বক্তব্যে বলা হয়, আকাশ সংস্কৃতির আগ্রাসন আর প্রলোভনের যুগে লোকসংস্কৃতি আজ হুমকির মুখে। এ অঞ্চলের মানুষের শত শত বছরে লোকায়ত সংস্কৃতিকে রক্ষা করতে হবে। এ জন্য নতুন প্রজন্মসহ সব স্তরের মানুষকে নিজের কৃষ্টি-সংস্কৃতি, ঐতিহ্য জানতে ও তা লালন করতে হবে।
আয়োজকেরা বলেন, এবারের আয়োজনের উদ্দেশ্য হচ্ছে আরও একবার নিজের মাটির দিকে ফিরে তাকানো এবং আত্মপরিচয়ের সংকট দূর করা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার বিকেলে উৎসবের উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও লোকগবেষক সৈয়দ আজিজুল হক। উৎসবের প্রথম দিন কীর্ত্তনীয়া গান, বাউল গান, রাধারমণের গান, পল্লিগীতি পরিবেশন করবেন দেশের বিভিন্ন অঞ্চল আসা শিল্পীরা। দ্বিতীয় দিনে থাকবে মাইজভান্ডারি গান, আদিবাসী নৃত্য, চট্টগ্রামের আঞ্চলিক গান, বাউল গান ইত্যাদি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর এ এফ কবির আহমেদ, সমাজ সমীক্ষা সংঘের নির্বাহী পরিচালক আহমেদ খসরু, নির্বাহী সভাপতি আমিনুল ইসলাম, উৎসব কমিটির আহ্বায়ক আবুল হাসনাত মো. বেলাল, সংগঠনের পরিচালক দেবাশীষ রায়, শিহাব চৌধুরী বিপ্লব, আবদুল্লাহ হাসান, নূর নাহার কুমকুম, তাপস রায়, কল্লোল দাশ প্রমুখ।