চট্টগ্রামে লোক উৎসব কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রাণে বাজুক প্রাণের সুর’ স্লোগান সামনে রেখে চট্টগ্রামের ডিসি হিলে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব। এতে বাংলাদেশের লোকসংস্কৃতিবিষয়ক গান, আলোচনা, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হবে।সমাজ সমীক্ষা সংঘ চট্টগ্রাম তৃতীয়বারের মতো এই উৎসবের আয়োজন করেছে। আগামীকাল বিকেল সাড়ে তিনটায় তপন সরকার ও তাঁর সহশিল্পীদের পাখোয়াজ বাদনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হবে। এর আগে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য শোভাযাত্রা।প্রথম দিনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও চট্টগ্রাম বিশ্ব-বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক।বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আয়োজকেরা এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লোকসংস্কৃতি উৎসব ২০১২ প্রস্তুতি কমিটির চেয়ারম্যান দেলোয়ার মজুমদার।সংবাদ সম্মেলনে প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, আকাশ সংস্কৃতির আগ্রাসনের যুগে বাংলার মৌলিক লোকসংস্কৃতি তুলে ধরার চিন্তা থেকে তৃতীয়বারের মতো সমাজ সমীক্ষা সংঘ চট্টগ্রামে এ উৎসবের আয়োজন করেছে।প্রথম দিনে চট্টগ্রামের প্রথম নারী নাট্যকর্মী শহীদজায়া বেগম মনি ইমাম এবং চট্টগ্রামের লোকগানের গীতিকার ও সুরকার এম এন আখতারকে রশীদ আল ফারুকী সম্মাননা দেওয়া হবে।এ ছাড়া দুই দিনব্যাপী অনুষ্ঠানে রবীন্দ্রনাথের বাউল গান, হাসন রাজা-শাহ আবদুল করিম-রাধারমণ-চট্টগ্রামের আঞ্চলিক, মাইজভান্ডারী, লালন, শচীন দেববর্মনের ভাওয়াইয়া, পল্লীগীতি ও আদিবাসী নৃত্য পরিবেশন করবে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা লোকশিল্পী ও সাংস্কৃতিক দল। এ ছাড়া মণিপুরি মৃদঙ্গ নৃত্যও পরিবেশিত হবে।দ্বিতীয় দিনে বক্তব্য দেবেন প্রিমিয়ার বিশ্ব-বিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন এবং কবি ও সাংবাদিক আবুল মোমেন। পরে উৎসব উপলক্ষে আয়ো-জিত চিত্রাঙ্কন ও আঞ্চলিক গানের প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে। খাগড়াছড়ির ‘গিরিনৃত্য’ সংগঠন পরিবেশন করবে আদিবাসী নৃত্য।রাত সাড়ে ১০টায় আতশবাজি পোড়ানোর মধ্য দিয়ে দুই দিনের উৎসবের সমাপ্তি হবে।এই উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে আছে বৈশাখী টেলিভিশন, অনলাইন নিউজপেপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও রেডিও টুডে।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সমীক্ষা সংঘের সভাপতি কাজী মাহমুদ ইমাম, নির্বাহী সভাপতি দেবাশীষ রায়, নির্বাহী পরিচালক শিহাব চৌধুরী, উৎসব কমিটির আহ্বায়ক আহমেদ খসরু, উপদেষ্টা মো. আবুল কাশেম প্রমুখ।