চট্টগ্রামে বিদ্যুৎ-সংকটের কারণে জনজীবনে ভোগান্তি বেড়েছে। লোডশেডিং ও ফোর্স লোডশেডিংয়ের কারণে কোনো কোনো স্থানে দিনে সাত-আটবার বিদ্যুৎ যাওয়া-আসা করে। গ্যাস সংকটের কারণে দুটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ ও কয়েকটির উৎপাদন ব্যাহত হওয়ায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। নগরবাসী ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা এ কথা বলেছেন।
বিদ্যুৎ বিভাগের গত এক সপ্তাহের পরিসংখ্যানে দেখা যায়, এ সময়ে চট্টগ্রামে যত না লোডশেডিং হয়েছে তার চেয়ে বেশি হয়েছে ফোর্স লোডশেডিং। বিদ্যুতের চাপ বেড়ে গেলে একপর্যায়ে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ হয়ে যায়। এ অবস্থায় বিদ্যুৎব্যবস্থা সচল রাখার জন্য কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। একেই বলা হয় ফোর্স লোডশেডিং।
চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জ্যেষ্ঠ সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মুনিরুজ্জামান বলেন, গত কয় দিনে লোডশেডিংয়ের পরিমাণ কম ছিল। এ সময়ে ফোর্স লোডশেডিংই বেশি হয়েছে। গরমের কারণে বিদ্যুতের ওপর স্বাভাবিকের চেয়ে বেশি চাপ পড়েছে। এ ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎকেন্দ্র বন্ধের ঝুঁকি এড়াতে ফোর্স লোডশেডিং করতে হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন প্রকৌশলী বলেন, ফোর্স লোডশেডিং না করলে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয় ঘটবে। কারণ স্বয়ংক্রিয়ভাবে একটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেলে তা চালু করতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়। জানা গেছে, কুইক রেন্টাল ছাড়া অন্য বিদ্যুৎকেন্দ্রগুলোতে এ সমস্যা প্রকট। রাউজান বিদ্যুৎকেন্দ্র একবার বন্ধ হলে সেটি আবার চালু করতে প্রায় ২৪ ঘণ্টা সময় লেগে যায়।
চট্টগ্রামের নাসিরাবাদ এলাকার বাসিন্দা আরেফিন হক বলেন, ‘রমজানের সময় লোডশেডিং কম হওয়ার কথা বলা হলেও তার কোনো সুফল আমরা পাইনি। দিনে-রাতে সমানেই বিদ্যুতের আসা-যাওয়া চলছে।’ একই অভিযোগ অক্সিজেন এলাকার মোরশেদ চৌধুরীরও। তিনি বলেন, ‘বিদ্যুতের যন্ত্রণায় কোথাও কেউ শান্তিতে আছে বলে মনে হয় না।’ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক সপ্তাহের পরিসংখ্যানে দেখা যায়, ১৭ জুলাই চট্টগ্রামে লোডশেডিংয়ের পরিমাণ ছিল ১৬ মেগাওয়াট। ১৮ জুলাই ১৯ মেগাওয়াট, ১৯ জুলাই ছয় মেগাওয়াট, ২০ জুলাই ১৩ মেগাওয়াট, ২১ জুলাই ২৭ মেগাওয়াট, ২২ জুলাই ২০ মেগাওয়াট, ২৩ জুলাই ১৪ মেগাওয়াট এবং ২৪ জুলাই ২০ মেগাওয়াট লোডশেডিং ছিল। এর মধ্যে শুধু ২৩ জুলাই চাহিদার তুলনায় আট মেগাওয়াট বিদ্যুৎ বেশি পাওয়া গেছে।
চট্টগ্রামে ছয়টি সরকারি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে রাউজান, শিকলবাহা ৬০ ও ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট চলে গ্যাসে। হাটহাজারী ও দোহাজারী বিদ্যুৎকেন্দ্র চলে তেল দিয়ে। আর কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন নির্ভর করে হ্রদের পানির উচ্চতার ওপর। কিন্তু বর্তমানে গ্যাস সংকটের কারণে শিকলবাহার দুটি বিদ্যুৎকেন্দ্রই এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ। রাউজানে চলছে ঢিমেতেতালে। কাপ্তাইয়ে পানির উচ্চতা কমে গেলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়। এ ছাড়া এসব কেন্দ্রের যন্ত্রপাতি পুরোনো হয়ে যাওয়ায় কাঙ্ক্ষিত উৎপাদন হয় না। মো. মুনিরুজ্জামান বলেন, গ্যাস সংকট না থাকলে বর্তমান বিদ্যুৎ সমস্যার অনেকটাই কেটে যাবে।