চট্টগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে চট্টগ্রামের সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। গতকাল শনিবার চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
সকালে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নগর আওয়ামী লীগ, বিএনপি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, উদীচী, চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠন।
এ ছাড়া দিনটি উপলক্ষে মহানগর আওয়ামী লীগ, শ্রমিক লীগ, মহানগর বিএনপি, ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন দল ও সংগঠন পৃথক আলোচনা সভার আয়োজন করে। শহীদ মিনার চত্বরে আলোচনা সভার আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। এতে সভাপতির বক্তব্যে মহানগর সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, একাত্তরের পরাজিত শক্তির নাশকতার বিরুদ্ধে পাল্টা আঘাত করার সময় এসেছে এখন। যারা আগুন দিয়ে মানুষ, ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে, সবাই মিলে তাদের আস্তানা ঘেরাও করতে হবে।
এদিকে বিকেলে নগরের নূর আহমেদ সড়কে স্থাপিত বিজয় মঞ্চে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, যে গণতান্ত্রিক স্বাধীনতার জন্য বুদ্ধিজীবীরা প্রাণ দিয়েছিল, তা এখন বিপন্ন। যদি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের লক্ষ্যসমূহ অর্জনে জাতি ব্যর্থ হয়, তাহলে বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ব্যর্থ হয়ে যাবে। বর্তমানে বুদ্ধিজীবীরা বিভিন্ন টক শো ও সেমিনারে সরকারের গঠনমূলক সমালোচনা করলে তাঁদের নানাভাবে হয়রানি করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। এ ছাড়া শহীদ বুদ্বিজীবী দিবস উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গণে বিকেলে খেলাঘর, প্রজন্ম-৭১ ও উদীচী গণসংগীত, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এরপর সন্ধ্যায় একই স্থানে প্রদীপ প্রজ্বালন করে যুব ইউনিয়ন, যুব মৈত্রী, ছাত্রমৈত্রী, প্রমাসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠন।