চট্টগ্রামে শহীদ মিনারে ঢল
অমর একুশের প্রথম প্রহরে চট্টগ্রামের শহীদ মিনারে নেমেছিল মানুষের ঢল। রাজনৈতিক নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষ গত এক দশকের মধ্যে এবারই প্রথম একসঙ্গে শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়েছে। দুই পক্ষের প্রধান নেতা নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং সহসভাপতি সাংসদ নুরুল ইসলাম বিএসসি একসঙ্গে ফুল দেন। তবে মহিউদ্দিনবিরোধী আরেক নেতা প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন ও তাঁর সমর্থকদের শহীদ মিনারে দেখা যায়নি।প্রথম প্রহরে পুলিশের একটি দল শহীদ মিনারে গার্ড অব অনার দেয়। চট্টগ্রামের মেয়র এম মন্জুর আলম সবার আগে ফুল দেন। এরপর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ব্যানারে এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাংসদ এম এ লতিফের নেতৃত্বে নেতা-কর্মীরা প্রথম দফা ফুল দেন। এরপর নুরুল ইসলাম বিএসসি সংসদ সদস্য হিসেবে ফুল দেওয়ার জন্য তাঁর অনুসারীদের নিয়ে শহীদবেদিতে উঠলে এ বি এম মহিউদ্দিন চৌধুরী নিজে গিয়ে তাঁর সঙ্গে যোগ দেন। পরে ধারাবাহিকভাবে জেলা পরিষদের প্রশাসক, মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, বন বিভাগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ট্রেড ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতারা শহীদবেদিতে ফুল দেন। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা ফুল দেন। সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের অনুসারীরা আলাদাভাবে ফুল দেন।আওয়ামী লীগ-বিএনপি ছাড়াও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।একুশের প্রভাতফেরিতেও চট্টগ্রামের শহীদ মিনারে মানুষের ঢল নামে। ফুল হাতে আসা মানুষে নন্দনকানন ও আশপাশের এলাকা মুখর হয়। শহীদ মিনারের আশপাশের এলাকা সিনেমা প্যালেস, রাইফেল ক্লাব, নন্দনকানন, ডিসি হিল, রিয়াজউদ্দিন বাজার, নিউমার্কেট চত্বরসহ পুরো এলাকা লোকারণ্য হয়ে ওঠে।শহীদ মিনারে ফুল দেওয়ার পর পাশের থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ। এ ছাড়া বিভিন্ন স্থানে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা পাঠের আসরসহ নানা অনুষ্ঠানের পরিবেশনা হয়।