চট্টগ্রামে শহীদ মিনারে মানুষের ঢল
বিজয়ের ৪২ বছর পূর্তিতে চট্টগ্রামে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। শহীদবেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় একাত্তরের বীর শহীদদের স্মরণ করেন তাঁরা। একই সঙ্গে রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বিজয় দিবসের প্রথম প্রহরে রোববার রাত ১২টা এক মিনিটে শহীদ মিনারে পুলিশের চৌকস দলের অভিবাদনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। এর পর সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম শহীদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, স্থানীয় সাংসদ মইনুদ্দীন খান বাদল, সাংসদ সাইফুজ্জামান চৌধুরী, সাংসদ আবদুল লতিফ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ ছাড়া বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধা জানান। জাতীয় পার্টি, জাসদ, মুক্তিযোদ্ধা সংসদ, গণফোরামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধা জানায়।
সরকারি কর্মকর্তাদের মধ্যে বিভাগীয় কমিশনার মুহাম্মদ আবদুল্লাহ, জেলা প্রশাসক মো. আবদুল মান্নান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী খান, সিএমপির কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার এ কে এম হাফিজ আকতার প্রমুখ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
রাতের পর সোমবার সকালেও শহীদ মিনারে মানুষের ঢল নামে। এ সময় গণজাগরণ মঞ্চ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, বাসদ, ছাত্রমৈত্রীসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শহীদ মিনারে আসা মানুষের কণ্ঠে ছিল ‘কাদের গেছে যে পথে, নিজামী যাবে সে পথে’, ‘সাঈদীর ফাঁসি হবে, পাকিস্তানে কবর হবে’ ইত্যাদি স্লোগান।
বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে র্যাব ও পুলিশের তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়। বসানো হয় সিসি ক্যামেরাও।