চট্টগ্রামে শহীদ মিনারে মানুষের ঢল
গভীর শ্রদ্ধা, ভালোবাসা আর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রামে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। প্রথম প্রহরে গতকাল সোমবার রাত ১২টা এক মিনিটে শহীদ মিনারে মানুষের ঢল নামে। আজ মঙ্গলবার সকালেও বিভিন্ন বয়সের বিপুলসংখ্যক নারী-পুরুষ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
বিজয় দিবসের প্রথম প্রহরে নগর পুলিশের সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলমের নেতৃত্বে কাউন্সিলররা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ, চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মোহা. আব্দুল জলিল মণ্ডল এবং অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার ও এ কে এম শহীদুর রহমান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের নেতৃত্বে নগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা শহীদ মিনারে ফুল দেন। সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের নেতৃত্বে নগর বিএনপির নেতা-কর্মীরা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ ছাড়া চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আব্দুচ ছালাম, জেলা ইউনিটের কমান্ডার মো. সাহাবউদ্দিন ও গেরিলা কমান্ডার শাহ আলমের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস, বন বিভাগ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নামে। এ সময় উত্তর জেলা আওয়ামী লীগ, নগর যুবলীগ, নগর শ্রমিক লীগ, নগর ছাত্রলীগ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওয়ার্কার্স পার্টি, জেলা আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারসহ আশপাশের এলাকায় কড়া নিরাপত্তাবলয় গড়ে তুলেছে নগর পুলিশ। তিন স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে বলে সিএমপি সূত্রে জানা গেছে।
আজ সকালেও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। সাধারণ মানুষও ভিড় করে শহীদ মিনারে। সকালে গণজাগরণ মঞ্চ, উদীচী, প্রমা, বোধন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। বিজয় দিবস উপলক্ষে নগরের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। নগরের পাহাড়তলীর বধ্যভূমিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন।