বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা মো. নুরুল ইসলামকে গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো জেরা করেছে আসামিপক্ষ। জেরায় তিনি বলেছেন, একাত্তরে চট্টগ্রামে শান্তি কমিটির দুটি শাখা ছিল। এর একটির প্রধান ছিলেন মাহমুদুন নবী চৌধুরী, অন্যটির প্রধান ছিলেন সুলতান আহমেদ।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ নুরুল ইসলামকে গতকাল জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। আসামির কাঠগড়ায় সাকা চৌধুরী হাজির ছিলেন।
জেরার একপর্যায়ে আসামিপক্ষের আইনজীবী তদন্ত কর্মকর্তার কাছে জানতে চান, ১৯৭৯ সালের নির্বাচনে সালাউদ্দিন কাদের চৌধুরীর নির্বাচনী পোস্টার বা প্রচারপত্র জব্দ করা হয়েছে কি না? জবাবে নুরুল ইসলাম বলেন, না। আইনজীবী বলেন, এরশাদবিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সমন্বয়ক ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী ও আনোয়ার হোসেন মঞ্জু। এ প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, এটা তাঁর জানা নেই।
আহসানুল হক বলেন, এরশাদের সময় সালাউদ্দিন কাদের পুনর্বাসন ও ত্রাণমন্ত্রী হিসেবে তাঁর নির্বাচনী এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকদের টিন, ত্রাণ ও অন্যান্য সাহায্য দিয়েছেন? নুরুল ইসলাম বলেন, দিয়ে থাকতে পারেন, তাঁর জানা নেই। ১৯৭৯ সালের নির্বাচনে সাকা চৌধুরীর প্রস্তাবক ছিলেন নূতনচন্দ্র সিংহের ছেলে সত্যরঞ্জন—এ প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, তিনি জানেন না। এ বিষয়ে তদন্ত করেছেন? জবাবে তিনি বলেন, নূতনচন্দ্রের আরেক ছেলে প্রফুল্ল রঞ্জন সিংহ এ কথা অস্বীকার করেছেন।
কোতোয়ালি, হাটহাজারী, পাঁচলাইশ, বোয়ালখালী ও রাউজান—এ পাঁচ থানা থেকে কত লোক মুক্তিযুদ্ধের আগে ও পরে দেশত্যাগ করে ভারতে গিয়েছিলেন—আইনজীবীর এ প্রশ্নে তদন্ত কর্মকর্তা বলেন, এমন কোনো পরিসংখ্যান তাঁর কাছে নেই। ফজলুল কাদের চৌধুরীর কয় ছেলেমেয়ে? এ প্রশ্নে তিনি বলেন, চার ছেলে। মেয়ে সম্ভবত একজন।
এ সময় ট্রাইব্যুনাল বলেন, তদন্ত কর্মকর্তার সাক্ষ্য সুনির্দিষ্ট হতে হবে, সম্ভবত আবার কী? পরে তদন্ত কর্মকর্তা বলেন, তাঁর জানা নেই। আহসানুল হক মত (সাজেশন) দেন, সাকা চৌধুরীর দুই মেয়ে। তদন্ত কর্মকর্তা বলেন, জানা নেই।
আহসানুল হক বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরীর আপন ফুফাতো ভাই সাবের হোসেন চৌধুরী, এটা আপনি জানেন?’ নুরুল ইসলাম বলেন, ‘এটা জানা নেই। তবে সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগ করেন, এটা জানি।’ পরের প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, রাউজানে আওয়ামী লীগের বর্তমান সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী আসামির আপন চাচাতো ভাই।
দশম সাক্ষীকে জেরা চলছে: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী মো. তফাজ্জল হোসেনকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। জেরার একপর্যায়ে মিজানুল ইসলাম জানতে চান, নিজামীকে সাক্ষী কি বলে সম্বোধন করতেন? জবাবে সাক্ষী বলেন, তিনি ‘মামা’ সম্বোধন করতেন।