চট্টগ্রামে শান্তিপূর্ণ হরতাল
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চার ডাকা গতকাল বুধবারের আধা বেলার হরতাল চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। হরতালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেউ গ্রেপ্তারও হয়নি। গতকাল হরতাল চলাকালে নগরের সব গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেয় পুলিশ। হরতাল-সমর্থকেরা নগরের বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড মিছিল করেন। তাঁরা গাড়ি থামানোর চেষ্টা করলেই পুলিশ বাধা দিয়েছে। গতকাল ভোর থেকে নগরের সড়কগুলো ছিল রিকশার দখলে। পাশাপাশি বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করলেও এর সংখ্যা ছিল স্বাভাবিকের চেয়ে কম। সকাল নয়টার পর আস্তে আস্তে যানবাহন চলাচল বাড়তে শুরু করে। হরতাল-সমর্থকেরা নগরের নিউমার্কেট মোড়, আগ্রাবাদ, তৃতীয় কর্ণফুলী সেতু এলাকা, তিন পোলের মাথা, চেরাগী পাহাড়সহ বিভিন্ন স্থানে মিছিল করেন। সকালে নগরের বিপণিবিতান এলাকায় সমাবেশ করেন সিপিবির নেতা-কর্মীরা।সিপিবির চট্টগ্রাম শাখার সভাপতি মৃণাল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক শাহ আলম ও বাসদের চট্টগ্রাম জেলা আহ্বায়ক মানস নন্দী। নগরের আমতলা এলাকায় মিছিল-সমাবেশ করেন গণতান্ত্রিক বাম মোর্চার নেতা-কর্মীরা। নগরের বাদামতলী মোড় এলাকায় মিছিল-সমাবেশ করেন সমাজতান্ত্রিক মহিলা ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা। হরতাল চলাকালে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল। ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরের সব এলাকায় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক হয়ে আসে। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মোস্তাক আহমেদ প্রথম আলোকে বলেন, সকাল থেকে নগরে এক হাজার পুলিশ মোতায়েন ছিল। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।