চট্টগ্রামে শান্তিপূর্ণ হরতাল ও অবরোধ পালিত
চট্টগ্রামে জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবি ও হেফাজতে ইসলামের লংমার্চের প্রতিবাদে গণজাগরণ মঞ্চ, ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের ডাকা হরতাল ও অবরোধ কর্মসূচি গতকাল শনিবার শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতাল ও অবরোধে চট্টগ্রাম থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলেনি। হরতাল ও অবরোধ চলাকালে নগরের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছে গণজাগরণ মঞ্চ ও ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সংগঠন। গতকাল সকালে নগরের সিটি গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন হরতাল আহ্বানকারীরা। এ সময় তাঁরা সেখানে মিছিল সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে এবং জামায়াত-শিবিরের পক্ষ নিয়ে হেফাজতে ইসলাম এই লংমার্চের নামে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছে। সমাবেশে নির্মূল কমিটির শওকত বাঙালি, সংস্কৃতিকর্মী রাশেদ হাসান প্রমুখ বক্তব্য দেন। অন্যদিকে অবরোধ ও হরতাল সফল করতে সকাল থেকে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থান নেন গণজাগরণ মঞ্চ ও বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। তাঁরা সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াত নিষিদ্ধের দাবি জানান। গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অবরোধ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট, নির্মূল কমিটিসহ বিভিন্ন সংগঠনের হরতাল পালন করেছি। স্বতঃস্ফূর্তভাবে জনগণ এই কর্মসূচি পালন করেছে। আমরা কোনো চাপ সৃষ্টি করিনি।’