চট্টগ্রামে শান্তিপূর্ণ হরতাল, সীতাকুণ্ড থমথমে
জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল গতকাল রোববার চট্টগ্রামে মোটামুটি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। তবে সকালের দিকে নগরের ষোলশহর ২ নম্বর এবং অক্সিজেন এলাকায় পিকেটাররা গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেন।
সীতাকুণ্ড ও মিরসরাইয়ে দুজন নিহত হওয়ার প্রতিবাদে জামায়াতে ইসলামী গতকাল চট্টগ্রাম জেলায় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে নতুন করে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা না ঘটলেও প্রচণ্ড আতঙ্ক ছিল। একদিকে জামায়াত-শিবিরের নাশকতা, অন্যদিকে পুলিশের ধরপাকড়—সব মিলিয়ে এলাকায় ভীতিকর অবস্থা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সোয়া সাতটার দিকে চট্টগ্রামের ষোলশহর এলাকায় ছাত্রশিবিরের কর্মীরা আচমকা একটি টেম্পোতে আগুন ধরিয়ে দেন। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তাঁরা দ্রুত সটকে পড়েন। প্রায় একই সময় শহরতলির অক্সিজেনের অদূরে পিকেটাররা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন। তবে ষোলশহর ও অক্সিজেন এলাকা ছাড়া নগরের আর কোথাও পিকেটার দেখা যায়নি। তাই বিপুল গাড়ি চলাচল করেছে। পিএসসি পরীক্ষার্থীরাও নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পেরেছে।
গতকালের হরতাল কর্মসূচির কারণে দূরপাল্লার কোনো বাস চট্টগ্রাম ছেড়ে যায়নি। কোনো গাড়ি ফিরতেও পারেনি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। এ কারণে স্টেশনে যাত্রীদের ভিড় ছিল। নগরের বড় বিপণিবিতানগুলো সন্ধ্যার
প্রথম পাতা
আগে খোলেনি। ছোট দোকানপাটে কেনাকাটা হয়েছে। চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানো-নামানো হলেও সন্ধ্যার আগে পরিবহন হয়নি।
সরেজমিনে সীতাকুণ্ড: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতায় আপাতত শান্ত পরিস্থিতি বিরাজ করলেও সন্তুষ্ট হতে পারছে না প্রশাসন। গতকাল চট্টগ্রামের জেলা প্রশাসক, বিজিবির আঞ্চলিক কমান্ডার, ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি উন্নয়নে স্থানীয় জনগণের সহযোগিতা চাইলেন। নাশকতার জন্য সীতাকুণ্ডের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত বাড়বকুণ্ডে গতকাল ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রামবাসীর সঙ্গে বৈঠক করেন। এরপর তাঁরা উপজেলা সদরে বৈঠক করেন। বেলা তিনটায় বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ কার্যালয়ের (র্যাবের ক্যাম্প) মাঠে শ-খানেক গ্রামবাসী অপেক্ষা করছিলেন বড় কর্তাদের জন্য। কিছুক্ষণ পর সেখানে পৌঁছান কর্মকর্তারা। শুরুতে জেলা প্রশাসক মো. আবদুল মান্নান গ্রামবাসীর উদ্দেশে বলেন, ‘আমরা বাড়বকুণ্ড নিয়ে উদ্বিগ্ন। এটি এখন সন্ত্রাসের জনপদ হিসেবে চিহ্নিত হয়েছে। বাইরের লোক এখানে এসে থাকছে। আপনাদের লোকদের সঙ্গে মিশে তারা এখানে নৈরাজ্য করছে। আপনারা তাদের চেনেন। নাম বলেন তাদের। আমরা ব্যবস্থা নেব।’
জেলা প্রশাসকের বক্তব্যের সময় একজন মধ্যবয়সী লোক বললেন, ‘এখানে যারা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করছে, তারা সব স্থানীয় লোক। দু-একজন বাইরের।’ বিজিবি চট্টগ্রাম রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমদ আলী বললেন, ‘তাদের জন্য আপনাদেরও বদনাম হচ্ছে। নাম বলেন তাদের।’ তখন এক তরুণ বললেন, ‘স্যার, এভাবে ওপেন কেউ নাম বলবে না। ভয়ে কেউ বলতে পারবে না।’ তরুণের বক্তব্যে সম্মতি জানালেন উপস্থিত গ্রামবাসী। একজন মধ্যবয়সী বললেন, ‘স্যার, নাম বললে আমাদের মেরে ফেলবে। সবাই এখানকার লোক। রাজনীতির নাম দিয়ে বাস-ট্রাকে ডাকাতি ও লুটপাট করছে।’
গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেল, সন্ধ্যার পর এখন গ্রামের কোনো লোক বের হন না। রাতে দুর্বৃত্তরা টর্চলাইট ও অস্ত্র নিয়ে গ্রামে ঘোরাফেরা করে। এসব কারণে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন। প্রশাসনের এই বৈঠকে অনেকে ভয়ে আসেননি বলেও জানা গেছে। এমনকি নিজের কার্যালয়ের সামনে বৈঠক হলেও অনুপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ। জামায়াতের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের লাশ উদ্ধারের পর গত বুধবার দিনের বেলায় চেয়ারম্যানের ঘরসহ অন্তত ১৭টি ঘর পুড়িয়ে দেওয়া হয়। এর পর থেকে তিনি এলাকায় নেই। চেয়ারম্যানের বড় ভাই শহীদুল্লাহ বৈঠকে উপস্থিত থাকলেও নাশকতা সৃষ্টিকারীদের নাম বলতে তিনিও ভয় পান। তিনি বলেন, ‘গাড়ি-বাড়ি ভাঙচুরকারীরা বাড়বকুণ্ড মান্ডারিটোলা এলাকার লোক। আমরা নাম বলতে পারব না।’
চট্টগ্রাম পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. নওশের আলী খান ও পুলিশ সুপার হাফিজ আক্তারও জনগণের সহযোগিতা চাইলেন। উপজেলা কার্যালয়ে চেয়ারম্যানদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তাঁরা জানান, প্রতিটি ইউনিয়নের দায়িত্ব চেয়ারম্যানদের নিতে হবে। যদি এতে তাঁরা ব্যর্থ হন, তাহলে লোক ধরা পড়লে তদবির করতে পারবেন না। অভিযান কঠোর থেকে কঠোর হবে।
হরতালের চিত্র: সীতাকুণ্ডে হরতাল চলাকালে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা, নছিমন ছাড়া বড় কোনো যানবাহন চলেনি। তবে সকালে দুই দফা পুলিশি পাহারায় মিরসরাইয়ের বড় দারোগাহাট এলাকা থেকে কয়েক শ ট্রাক, বাস চট্টগ্রামে পৌঁছে দেওয়া হয়। ঢাকা থেকে সকালে এসে হরতালের কারণে এগুলো আটকা পড়েছিল।
অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার জাহান বলেন, ‘পরিস্থিতি আপাতত ভালো। তবে এখনো আমাদের স্বস্তি নেই।’