চট্টগ্রামে শান্তিপূর্ণ হরতালে বিএনপি-আ.লীগ রাজপথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় সাড়ে তিন বছর পর চট্টগ্রাম নগরে শান্তিপূর্ণভাবে গতকাল রোববার বিএনপির ডাকা হরতাল পালিত হয়েছে। হরতালের পক্ষে বিএনপি ও বিপক্ষে আওয়ামী লীগ নগরে আলাদা বিক্ষোভ সমাবেশ করেছে। তবে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং বিএনপি সমর্থিত নবনির্বাচিত মেয়র মোহাম্মদ মন্জুর আলমকে রাজপথে দেখা যায়নি। পুলিশ নগর ও আশপাশের এলাকা থেকে অন্তত ২৮ জনকে আটক করেছে।নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হরতালের কারণে যাত্রীবাহী বাস, ট্রাকসহ বেসরকারি যানবাহন তেমন চলাচল করেনি। বিক্ষিপ্তভাবে কিছু সিএনজি অটোরিকশা ও টেম্পো চলাচল করেছে। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ভাড়া করা কিছু বাস দলীয় নেতা-কর্মীদের নিয়ে নগরের কিছু সড়কে চলাচল করে। তবে নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন দাবি করেন, ‘আমরা রাস্তায় কোনো গাড়ি নামাইনি। কেউ নিজ দায়িত্বে নামালে আমাদের কিছু করার নেই।’বিএনপি: নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সমর্থকেরা গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের নাসিমন ভবন, কাজীর দেউড়ী ও লাভ লেইন মোড় এলাকায় খণ্ড খণ্ড মিছিল করেন। দলীয় কার্যালয়ের সামনে তাঁরা সমাবেশ করেন। সমাবেশে আমীর খসরু, সাধারণ সম্পাদক শাহদাত হোসেন, সাবেক সাংসদ রোজী কবির প্রমুখ বক্তৃতা করেন। বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান অনুসারীরা অবস্থান নেন নিউমার্কেট ও স্টেশন রোড এলাকায়। তাঁরা ওই এলাকায় মিছিল করেন। তবে নোমান ছিলেন ঢাকায়। শ্রমিক দলের নেতা এ এম নাজিম উদ্দীন, মাহবুবুর রহমান, এম এ সবুর, কাজী আকবর প্রমুখ মিছিল-সমাবেশে নেতৃত্ব দেন। এ ছাড়া সকালে বাকলিয়ার কালামিয়া বাজার, বহদ্দারহাট বাজার ও কর্নেল হাট এলাকায় বিএনপি বিক্ষোভ-সমাবেশ করে।দক্ষিণ চট্টগ্রাম: দক্ষিণ চট্টগ্রামের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকেটিং করেন। এ সময় জেলার বিভিন্ন স্থানে পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ পটিয়া থেকে পাঁচজন, বাঁশখালী থেকে পাঁচজন এবং মইজ্যারটেক থেকে দুজনসহ মোট নয়জন বিএনপির কর্মীকে গ্রেপ্তার করে। এ সময় পটিয়া কলেজ গেটের সামনে তিনটি বাস ভাঙচুর করা হয়।আওয়ামী লীগ: হরতালের বিপক্ষে নগরের দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয় চত্বরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল সমাবেশ করেন। এর আগে সকাল থেকে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন। দুপুর ১২টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি মিছিল নগরের স্টেশন রোড ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে তাৎক্ষণিক পথসভায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা বক্তৃতা করেন। বক্তারা বিএনপির হরতালকে গণবিরোধী উল্লেখ করে বলেন, এ হরতাল অযৌক্তিক। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে এ হরতাল ডাকা হয়েছে। নগরে আটক ১৬: নগর গোয়েন্দ পুলিশের সহকারী কমিশনার জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, পিকেটিং করার সময় পুলিশ ১৬ জনকে আটক করেছে। যাচাই-বাছাইয়ের পর তাঁদের কয়েকজনকে রাতের মধ্যে ছেড়ে দেওয়া হতে পারে।