চট্টগ্রামে শামীম সর্দারের আরেকটি গাড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাইকারি মাদক বিক্রেতা শামীম সর্দারের আরেকটি প্রাইভেট কার পুলিশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। ওই গাড়িতে পাওয়া গেছে ৫০ বোতল ফেনসিডিল। গত শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকার একটি গ্যারেজে অভিযান চালিয়ে পুলিশ গাড়িটি উদ্ধার করে। এর আগে গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের চান্দগাঁও থানার পুলিশ শামীমসহ সাতজনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি প্রাইভেট কার, একটি নোহা মাইক্রোবাস, একটি পিস্তল, একটি এয়ারগান, নগদ প্রায় দুই লাখ টাকা, ১২ কেজি গাঁজা, গাড়ির পাঁচটি নম্বরপ্লেট এবং গাড়িতে ব্যবহূত পাঁচটি সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ চান্দগাঁও থেকে পরিত্যক্ত অবস্থায় আরেকটি প্রাইভেট কার উদ্ধার করেছে। এ নিয়ে শামীম সর্দারের চারটি গাড়ি উদ্ধার হয়েছে, যা দিয়ে মাদক পরিবহন হয়ে আসছিল। মোহাম্মদ শহীদুল্লাহ আরও বলেন, ‘শামীম সর্দার মাদক ব্যবসা করে কোটিপতি বনে গেছেন। তাঁর কাছ থেকে মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে। এ কারণে তাঁকে আমরা রিমান্ডে আনার আবেদন করেছি।’