চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে ৭৬ সোনার বার উদ্ধার
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কার্পেট পরিষ্কার করার দুটি যন্ত্র ‘ভ্যাকুয়াম ক্লিনার’-এর ভেতর থেকে ৭৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে এই যন্ত্র দুটি ভেঙে এসব সোনার বার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সোনার বারের মূল্য প্রায় তিন কোটি ৮০ লাখ টাকা। ওজন আট দশমিক ৮৬ কেজি। শারজাহ থেকে এই যন্ত্র দুটি নিয়ে আসেন ফটিকছড়ির মো. ফয়সাল সিকদার এবং রাউজানের মো. ইস্কান্দর।
শুল্ক কর্মকর্তারা জানান, গত ২৭ জুন শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি উড়োজাহাজে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন মো. ফয়সাল সিকদার। দুদিন পর একই উড়োজাহাজে আসেন ইস্কান্দর। বিমানবন্দর ত্যাগ করার সময় তাঁরা যন্ত্র দুটি পরে নেওয়ার জন্য রেখে যান। গত সোমবার বিমানবন্দর থেকে যন্ত্র দুটি নিতে আসেন তাঁরা। কিন্তু শুল্ক কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় যন্ত্র দুটি স্ক্যানিং করানো হয়। স্ক্যানিং করানোর পর সন্দেহজনক কিছু না পাওয়ায় আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য রেখে দেন শুল্ক কর্মকর্তারা। গতকাল যন্ত্র দুটি ভেঙে ফেলার পর প্রতিটি থেকে ৩৮টি করে ৭৬টি সোনার বার পাওয়া যায়।
বিমানবন্দরে নিয়োজিত কাস্টমসের সহকারী কমিশনার মশিয়ার রহমান প্রথম আলোকে বলেন, দুই যাত্রী যন্ত্র দুটি নিতে না আসায় গতকাল এগুলো ভেঙে এসব সোনার বার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হবে।