চট্টগ্রামে শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের নেতারা গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে ১৭ দফা দাবি আদায়ে তাঁরা এসব কর্মসূচি পালন করেন। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক সুনীল চক্রবর্তী। এতে বক্তব্য দেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, জেলা সভাপতি এস এম ইকবাল, সম্পাদক উত্তম চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতির সম্পাদক সৈয়দ লকিতুল্লাহ, প্রশান্ত কুমার বড়ুয়া, মো. জানে আলম, অঞ্চল চৌধুরী, এমদাদুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও সরকারের কাছ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাল (আজ) শনিবার থেকে সারা দেশের সব বেসরকারি স্কুল-কলেজে অবিরাম ধর্মঘট শুরু হবে। সরকারের পক্ষ থেকে ১৭ দফা দাবি বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত লাগাতার ধর্মঘট চলবে। এ সময় জেলা ও উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ১৭ দফা দাবির মধ্যে শিক্ষানীতি ২০১০ দ্রুত বাস্তবায়ন, সরকারি নিয়মে বার্ষিক ইনক্রিমেন্ট, বাড়িভাড়া, উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা প্রদান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো সব শিক্ষকের চাকরির বয়স ৬৫ বছরে উন্নীত করা উল্লেখযোগ্য।