চট্টগ্রামে শিক্ষকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) চট্টগ্রাম জেলার উদ্যোগে বেসরকারি কলেজ শিক্ষকদের টাইম স্কেলসহ বিভিন্ন দাবিতে গতকাল বুধবার সকালে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে। এতে চট্টগ্রামের অন্তত ৫০টি বেসরকারি কলেজের শিক্ষক প্রতিনিধিরা অংশ নেন।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাকবিশিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, আবদুল হাই, অশোক সাহা, কানাই দাশ, আবুল মনসুর মো. হাবিব, তড়িৎ ভট্টাচার্য, রফিক উদ্দিন, শ্যামল দাশ, বশির উদ্দিন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি এস এম ইকবাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক উত্তম চৌধুরী।সমাবেশে বক্তারা বলেন, চাকরির মেয়াদ আট বছর পূর্ণ হওয়া বেসরকারি কলেজের প্রায় ২৬ হাজার শিক্ষককে গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে টাইম স্কেল দেওয়া হয়। কিন্তু কোনো কারণ ছাড়াই চলতি বছরের জানুয়ারি থেকে তা বন্ধ রাখা হয়েছে। এমনকি এখনো তাঁরা গত দুই মাসের বেতন-ভাতাও পাননি। এ ছাড়া নতুন বেতন কাঠামো অনুযায়ী তাঁদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা বাড়ানোসহ সহকারী ও সহযোগী অধ্যাপকের পদ সৃষ্টির কথা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি। বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সদস্য এবং চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক মো. রফিক উদ্দিন বলেন, গত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের বেতনও পাননি তাঁরা। এতে আর্থিক টানাপোড়েনে পড়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাঁদের।