চট্টগ্রামে শিক্ষকের টাকা ছিনতাই, অটোরিকশা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের জামালখানে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশার আরোহী এক শিক্ষকের ৫০ হাজার টাকা ছিনতাই হয়েছে। এ সময় আরোহীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে চালকসহ ছিনতাইকারীরা অটোরিকশা রেখে পালিয়ে যায়। ছিনতাইয়ের শিকার শিক্ষকের নাম রতনকুমার রুদ্র। তিনি বাকলিয়া রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। রতনকুমার বলেন, ‘সন্ধ্যা সাতটার দিকে নগরের বকশিরহাট পুলিশ বিট থেকে অটোরিকশাযোগে নাসিরাবাদের বাসায় যাচ্ছিলাম। জামালখানে ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এলে চালক বাতি মেরামতের কথা বলে সিএনজি থামিয়ে নেমে পড়ে। এ সময় দুই পাশে দুই ছিনতাইকারী উঠে বসে। এরপর অটোরিকশা কাজীর দেউড়ির দিকে চলতে শুরু করে। পরে অস্ত্রের মুখে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। কিন্তু সলিমা সিরাজ মাদ্রাসার সামনে গেলে অটোরিকশা বন্ধ হয়ে যায়। এ সময় আমি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে।’তবে রতন পুলিশি ঝামেলায় যেতে রাজি নন বলে জানান। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা এ ঘটনা জানি না। কেউ বিষয়টি আমাদের জানায়নি। মামলা হলে ব্যবস্থা নেব।’জানা গেছে, লোকজন এগিয়ে আসতে থাকলে চালকসহ তিন ছিনতাইকারী সিএনজিটি রেখে পালিয়ে যায়। পরে লোকজন অটোরিকশা আটকে মালিকের নম্বরে ফোন দিলে মালিক চান মিয়া ঘটনাস্থলে আসেন।ছিনতাইয়ের কথা স্বীকার করে চান মিয়া বলেন, ‘১২ দিন ধরে ইউসুফ নামে ওই চালক আমার অটোরিকশা চালাচ্ছিল। সে টাকা ছিনতাই না করলে গাড়ি রেখে পালিয়ে যাবে কেন? আমরা চালককে ডেকে টাকা ফেরত দেওয়ার চেষ্টা করছি।’