চট্টগ্রামে শিক্ষকের রগকাটার ঘটনায় দুজন গ্রেপ্তার
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মাদ্রাসাশিক্ষক শফিউল আলম নিজামীর পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় শনিবার রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মো. ফারুক (২৪) ও নজরুল ইসলাম ওরফে রুবেল (২০)। গতকাল রোববার তাঁরা মহানগর হাকিম আদালতের বিচারক কেশব রায় চৌধুরীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। এতে তাঁরা হামলার সঙ্গে জড়িত আরও চার যুবকের নাম বলেন। গ্রেপ্তারকৃতরা জবানবন্দীতে বলেন, চিপাতলী আলিয়া মাদ্রাসার শিক্ষক শফিউল আলম নিজামী মাহফিলে মুনীরিয়া হুজুরের সমালোচনা করায় ক্ষিপ্ত হয়ে সাহেদ, এয়ার মোহাম্মদ, ফাহাদ, মামুন ও তাঁরা দুজন মিলে পরিকল্পনা করে শফিউল আলমের ওপর হামলা চালান।ফারুক হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদ্রাসার জনৈক মো. নুরুল আলমের ছেলে। ১১৫ নং মুনীরিয়া যুব তবলীগ কমিটির সম্পাদক তিনি। নজরুল একই উপজেলার উত্তর বুড়িশ্চর গ্রামের মো. আবদুল হালিমের ছেলে। ফারুককে কাপাসগোলা থেকে এবং নজরুলকে মুরাদপুর থেকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, নজু মিয়ার হাটে একটি মাহফিলে ওয়াজ শেষে ফেরার পথে গত ৯ এপ্রিল রাত ১২টার দিকে চৌধুরীহাটের বণিকপাড়ায় অজ্ঞাত সন্ত্রাসীরা শফিউল আলমের সিএনজি অটোরিকশা থামিয়ে তাঁকে মারধর করে এবং তাঁর ডান পায়ের রগ কেটে দেয়। গুরুতর আহতাবস্থায় তাঁকে চট্টগ্রামে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় শফিউলের ছেলে ইরফান বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করে। এ ঘটনায় আহলে সুন্নাত ওয়াল জামাত এবং মুনীরিয়া যুব তবলীগের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং উভয়পক্ষের মধ্যে একাধিক জায়গায় সংঘর্ষ হয়। শফিউল আহলে সুন্নাত ওয়াল জামাত এবং তাঁর ওপর হামলাকারীরা মুনীরিয়া যুব তবলীগের সমর্থক ছিলেন।