চট্টগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি

চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন-ফি বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে অভিভাবকেরা মেয়রকে স্মারকলিপি দিতে গেলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় পুলিশ তাঁদের সঙ্গে দুর্ব্যবহারও করেন বলে অভিযোগ করেন অভিভাবকেরা।
আজ রোববার দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকার নগর ভবনের প্রধান ফটকের সামনে এসব ঘটনা ঘটে। তবে ওই সময় মেয়র আ জ ম নাছির উদ্দীন নগর ভবনে ছিলেন না।
এই ঘটনার প্রতিবাদে আজ বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন অভিভাবকেরা। লিখিত বক্তব্য পড়েন অভিভাবক শিখা দেবী। উপস্থিত ছিলেন রুবি বেগম, মিঠু দে প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদ এবং বেতন-ফি বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশ করা হবে।
সংবাদ সম্মেলনে অভিভাবকেরা বলেন, তাঁরা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে মেয়রকে স্মারকলিপি দিতে আজ দুপুর সাড়ে ১২টার দিকে নগর ভবনের সামনে যান। অভিভাবকদের অভিযোগ, সেখানে আধা ঘণ্টা অবস্থান করার পর বেলা একটার দিকে পুলিশ কোনো কারণ ছাড়াই অভিভাবকদের প্রধান ফটকের সামনে থেকে সরিয়ে দেয়। পাশের ফুটপাতে অবস্থান করতে চাইলে সেখান থেকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। পরে অভিভাবকেরা আন্দরকিল্লা মোড়ের একটি বিপণিবিতানের নিচে অবস্থান নেন। সেখান থেকেও তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। পরে বেলা পৌনে দুইটার দিকে কয়েকজন অভিভাবক নগর ভবনের প্রধান ফটকে আসেন। সেখানে সিটি করপোরেশনের নিরাপত্তা কর্মকর্তা কামাল উদ্দিন অভিভাবকদের কাছ থেকে স্মারকলিপি নেন।
তবে নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, অভিভাবকেরা রাস্তার ওপর অবস্থান করতে চেয়েছিলেন। তাই তাঁদের সরিয়ে দেওয়া হয়। আর তাঁরা পরে স্মারকলিপি দিয়েছেন।
এ দিকে আজ দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বেতন-ফি বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। ‘চসিক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবকবৃন্দ’ এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য দেন শিখা দেবী, সেলিমা বেগম, জাহেদা আক্তার, রামপ্রসাদ দে প্রমুখ।
বক্তারা বলেন, সিটি করপোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে এ বছর বেতন-ফি দ্বিগুণ হারে বৃদ্ধি করা হয়েছে। এতে নিম্নআয়ের পরিবারের হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবন হুমকির মুখে পড়বে। তাঁরা বেতন-ফি বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের জন্য মেয়রের প্রতি দাবি জানান।
সিটি করপোরেশন সূত্র জানায়, চট্টগ্রাম নগরে সিটি করপোরেশনের অধীনে ৪৬টি মাধ্যমিক বিদ্যালয় পরিচালিত হয়। এসব প্রতিষ্ঠানে ভর্তি ও বেতন ফি বৃদ্ধির সিদ্ধান্ত নেয় সিটি করপোরেশন। যা ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।