ভ্যাট প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন।
একই দাবিতে বিকেলে সীতাকুণ্ডের কুমিরায় প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখা হয়। অবরোধের কারণে চট্টগ্রাম নগরে ও মহাসড়কে দীর্ঘ যানজটে দুর্ভোগে পড়ে হাজারো মানুষ।
গতকাল দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত নগরের সিডিএ অ্যাভিনিউর ব্যস্ততম জিইসি মোড় এলাকা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। চতুর্মুখী এই সড়ক অবরোধ করায় তীব্র যানজটের কারণে দুর্ভোগে পড়ে মানুষ। অবরোধের কারণে সিডিএ অ্যাভিনিউর দুই দিকে প্রায় তিন কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এর প্রভাব পড়ে নগরের অন্য সড়কগুলোতে। এ সময় যাত্রীদের অনেকেই গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেন।
খুলশী থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চক্রবর্তী বলেন, পুলিশের অনুরোধে বেলা একটার দিকে জিইসি থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে যান। সেখানে ঘণ্টা খানেক অবস্থান করার পর বেলা আড়াইটার দিকে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থী শিমুল গুপ্ত প্রথম আলোকে বলেন, আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের ছাত্র ইফতেখার হায়দার ও খোরশেদ আলম বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী ধনী পরিবারের সন্তান নন। অনেক অভিভাবক জমি বন্ধক রেখে ও বিক্রি করে সন্তানদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। কিন্তু সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাটের বোঝা চাপিয়ে দিয়েছে।
এর আগে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নগরের ও আর নিজাম সড়কের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে তাঁরা মিছিল নিয়ে প্রবর্তক মোড়, গোলপাহাড় মোড় প্রদক্ষিণ করে জিইসি মোড়ে আসেন। এতে যোগ দেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি), চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসি), চিটাগাং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তাঁরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন
অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা ‘নো ভ্যাট’, ‘ভ্যাট দেব না’, ‘সাড়ে ৭ শতাংশ ভ্যাট, প্রত্যাহার কর, করতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন এবং এই স্লোগানসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নূর-ই-খুদা প্রথম আলোকে বলেন, তাঁরা সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। কিন্তু সরকার তা গুরুত্ব দেয়নি। উল্টো ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। তাই বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে।
নগরের মুরাদপুর থেকে গাড়িতে করে দেওয়ানহাট যাচ্ছিলেন একটি ব্যাংকের সাবেক কর্মকর্তা মুজিব উল্লাহ। জিইসি মোড়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘সড়ক অবরোধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করার কোনো মানে হয় না। শিক্ষার্থীদের তা বোঝা উচিত।’ একই কথা বলেন বেসরকারি চাকরিজীবী লায়লা বেগম। তিনি বলেন, ছাত্রদের আন্দোলনের কারণে গাড়ি চলছে না। এখন হেঁটে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে। মানুষের যাতে ভোগান্তি না হয়, সে ব্যাপারে তাঁদের সচেতন থাকা উচিত।
মহাসড়ক অবরোধ: ভ্যাট প্রত্যাহারের দাবিতে গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে সীতাকুণ্ডের কুমিরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থীরা। অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ যানজট অন্তত ১০ কিলোমিটার ছাড়িয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোয়া এক ঘণ্টা পর অবরোধ তুলতে সক্ষম হয়।
বিশ্ববিদ্যালয়টির আইন অনুষদের অষ্টম সেমিস্টারের ছাত্র রিপন মুসলিম ও আশ্রাফুল করিম বলেন, ভ্যাট যদি সরকার প্রত্যাহার না করে আবারও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদ উল্লাহ বলেন, অনুরোধের পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট প্রত্যাহার ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে গতকাল দুপুরে চট্টগ্রামের চন্দনাইশে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ২ হাজার শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন চট্টগ্রামের সীতাকুণ্ড ও পটিয়া প্রতিনিধি)