চট্টগ্রামে শিক্ষার্থীদের নিয়ে পড়াশোনা পাতার আয়োজন
প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষার খুঁটিনাটি বিষয় শিক্ষার্থীদের কাছে আরও সহজবোধ্য করতে চট্টগ্রামের ২০টি বিদ্যালয়ে শুরু হয়েছে প্রথম আলোর পড়াশোনার পাতার বিশেষ প্রচারণা।
গতকাল সোমবার নগরের চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে এই প্রচারণা চালানো হয়। এতে পঞ্চম ও অষ্টম শ্রেণির প্রায় তিন শ শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম বন্ধুসভার প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সেঁজুতি গুপ্তা। অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম বন্ধুসভার সাধারণ সম্পাদক শিহাব জিশান।
প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজের জ্যেষ্ঠ শিক্ষক জুয়েল চৌধুরী ও ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের বিদ্যালয় শাখার উপাধ্যক্ষ রেশমীন আক্তার চৌধুরী।
অনুষ্ঠানে তথ্যচিত্র দেখানো হয়। ছিল কুইজ প্রতিযোগিতা। পরে শিক্ষার্থীরা মাদক, মুখস্থ ও মিথ্যাকে ‘না’ বলার শপথ নেয়।