চট্টগ্রামে শিক্ষার্থীদের ফরমালিনবিরোধী প্রচারণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকসবজি, ফলমূল ও মাছে ফরমালিন না মেশাতে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে ‘সচেতন ছাত্র পরিষদ’ এর ব্যানারে চট্টগ্রাম নগরের রিয়াজ উদ্দিন বাজারে এ প্রচারণা চালানো হয়।
প্রচার অভিযানের উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, সামান্য মুনাফার লোভে কিছু অসাধু ব্যবসায়ী খাবারের মধ্যে ফরমালিন মেশাচ্ছেন। এই ফরমালিন শুধু দেহেরই ক্ষতি করে না, এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। আগামী প্রজন্মকে সুস্থ সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে ফরমালিনমুক্ত খাবারের বিকল্প নেই।
পরে বাজারে বিভিন্ন দোকানে ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়। ৬০ জনের মতো শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন।