চট্টগ্রামে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ
ভ্যাট প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার চট্টগ্রাম নগরে সড়ক অবরোধ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ কারণে নগরে তীব্র যানজটের সৃষ্টি হয়। একই দাবিতে আজ সোমবারও অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার নগরের ব্যস্ততম জিইসি মোড় এক ঘণ্টা অবরোধ করেন শিক্ষার্থীরা।
‘বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে আয়োজিত গতকালের সড়ক অবরোধ কর্মসূচিতে ভ্যাট প্রত্যাহারসহ তিন দফা দাবি জানানো হয়। অন্য দুটি দাবি হলো সরকারি নীতিমালার ভিত্তিতে বেতন-ফি নির্ধারণ ও শিক্ষার সুষ্ঠু মান নিশ্চিত করা।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়সহ আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বেলা সোয়া ১১টার দিকে নগরের ওয়াসা মোড় অবরোধ করেন। কিছুক্ষণ পর পুলিশের অনুরোধে সড়কের এক পাশ থেকে অবরোধ তুলে নেওয়া হয়। বেলা পৌনে দুইটার দিকে অবরোধ প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এরপর ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী ও ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ’ নামের সংগঠনের মুখপাত্র শিমুল গুপ্ত প্রথম আলোকে বলেন, তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একই দাবিতে সোমবারও (আজ) অবরোধ কর্মসূচি পালন করা হবে।
নগরবাসীর দুর্ভোগ যাতে কম হয়, সে জন্য জিইসি মোড়ের পরিবর্তে ওয়াসা মোড়ে কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান শিমুল গুপ্ত।
এদিকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে গতকাল সমাবেশ ও মিছিল করেছে ছাত্র ফেডারেশন। সকালে নগরের প্রবর্তক মোড় এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান, নগর শাখার সাংগঠনিক সম্পাদক শওকত আলী।
নগরে যানজট: শিক্ষার্থীদের অবরোধের কারণে গতকাল বেলা সোয়া ১১টা থেকে পৌনে দুইটা পর্যন্ত ওয়াসা মোড়ের এক পাশে যান চলাচল বন্ধ ছিল। এতে ওয়াসা মোড়কেন্দ্রিক সড়কগুলোতে তীব্র যানজট দেখা দেয়। এ কারণে ভোগান্তিতে পড়ে নগরবাসী।
অবরোধের কারণে সিডিএ অ্যাভিনিউয়ের ষোলশহর থেকে টাইগারপাস মোড়, জাকির হোসেন সড়ক, রেবতি মোহন লেইন, কাজীর দেউড়ি, মেহেদীবাগ, গোল পাহাড় ও প্রবর্তক মোড় এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় অনেককে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা হতে দেখা যায়।
ব্যবসায়ী তবারক হোসেন বলেন, তিনি বাসে করে মুরাদপুর থেকে আগ্রাবাদ যাচ্ছিলেন। কিন্তু জিইসি মোড় পর্যন্ত আসার পর গাড়ি আর চলছিল না। তাই বাস থেকে নেমে তিনি হেঁটে গন্তব্যে রওনা দেন। তিনি বলেন, মুরাদপুর থেকে জিইসি মোড় আসতে তাঁর সময় লেগেছে প্রায় ৪০ মিনিট।
সিএনজিচালিত অটোরিকশার চালক আনিসুর রহমান গতকাল বেলা একটার দিকে বলেন, প্রবর্তক মোড় থেকে কাজীর দেউড়ি আসতে তাঁর প্রায় এক ঘণ্টা সময় লেগে গেছে। অথচ স্বাভাবিক সময়ে এই পথ অতিক্রম করতে সময় লাগে ১০-১৫ মিনিট।
চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (ডিসি-ট্রাফিক) মাসুদ উল হাসান বলেন, শিক্ষার্থীদের অবরোধের কারণে নগরের গুরুত্বপূর্ণ বেশ কিছু সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে। অন্য সড়কগুলোতেও এর চাপ পড়ে। এতে যান চলাচল করেছে ধীরগতিতে।