চট্টগ্রামে শিপব্রেকিং ইয়ার্ডে প্রহরী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ড থানাধীন জাহানাবাদ এলাকায় একটি জাহাজ ভাঙা কারখানায় জাহাজ থেকে পড়ে আবদুল আজিজ (৩২) নামের এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এস ট্রেডিং নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজ কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা। তিনি এখানে নিরাপত্তা প্রহরী হিসেবে নিয়োজিত ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১২টার দিকে জাহাজের ওপর থেকে নিচে পড়ে যান আজিজ। পরে বেলা আড়াইটার দিকে গুরুতর আহতাবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘অসাবধানতাবশত আজিজ ওপর থেকে পড়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’