চট্টগ্রামে শিবির পরিচালিত কোচিং সেন্টার থেকে আটক ১০
চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় ইসলামী ছাত্রশিবির পরিচালিত একাধিক কোচিং সেন্টারে অভিযান চালিয়ে পুলিশ ১০ জনকে আটক করেছে। গতকাল বুধবার বিকেলে এই অভিযান চালানো হয়।
আটক ১০ জনের মধ্যে শরীফ উদ্দিন নামের একজন চিকিৎসক রয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রশিবিরের নেতা ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক ও ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল পারভেজের ওপর গত ১ জুন নগরের মেহেদীবাগে অবস্থিত ন্যাশনাল হাসপাতালের সামনে হামলা চালানো হয়।
এই ঘটনায় শরীফ উদ্দিনসহ শিবিরের আরও কয়েকজন নেতা-কর্মীকে আসামি করে সোহেল মামলা করেন।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘চকবাজার ও মেহেদীবাগে চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র ও শিক্ষানবিশ চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে আমরা কোচিং সেন্টারে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করি।’
পরিদর্শক (তদন্ত) বলেন, আটক ১০ জনের মধ্যে নিরীহ কেউ থাকলে যাচাই-বাছাই করে ছেড়ে দেওয়া হবে।