চট্টগ্রামে শিবিরকর্মী সন্দেহে আটক ৩৪
চট্টগ্রাম নগরের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আজ বুধবার সকালে শিবিরকর্মী সন্দেহে ৩৪ জনকে আটক করেছে।
নগরের ডিসি হিল এলাকা থেকে সকালে শিবিরকর্মী সন্দেহে ৩০ জনকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। এ ছাড়া চান্দগাঁও থানার পুলিশ সকালে চান্দগাঁও আবাসিক এলাকার সামনে থেকে চার শিবিরকর্মীকে আটক করে। মিছিল ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে তাঁরা জড়ো হয়েছিলেন বলে পুলিশ দাবি করেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমাদের কাছে সংবাদ ছিল, তাঁরা জড়ো হয়ে মিছিল করে যানবাহন ভাঙচুরসহ নাশকতা করবেন। ওই তথ্যের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করি। এখন যাচাই-বাছাই চলছে।’
গতকাল মঙ্গলবার জামায়াতের কার্যালয়ে অভিযান চালিয়ে ৩৪ শিবিরকর্মীকে আটক করেছিল কোতোয়ালি থানার পুলিশ। ওই ঘটনার প্রতিবাদে গতকাল বিকেলে নগরের সিরাজউদ্দৌলা সড়কে ককটেলের বিস্ফোরণ ঘটান ও গাড়ি ভাঙচুর করেন তাঁরা।