চট্টগ্রামে শিবিরের আট কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা থেকে রড ও লোহার পাইপসহ ইসলামী ছাত্রশিবিরের আট কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার নগরের বন্দর থানাধীন সুলতান আহমদ কলেজের পাশে মিছিল করার জন্য তাঁরা ১২ কিলোমিটার দূরে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে জড়ো হন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া শিবিরকর্মীরা হলেন আবদুল্লাহ আল মামুন ওরফে ফয়সাল (২২), জসিম উদ্দিন (২২), সাজ্জাদ হোসেন (২৩), শরীফুল ইসলাম (২১), মিজানুর রহমান (২৫), জয়নাল আবেদিন (২০) আবুল কাশেম (২১) ও নূরুল হুদা (২৪)। তাঁদের থলে তল্লাশি করে পুলিশ রড ও পাইপ জব্দ করেছে। পুলিশ সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে শিবিরকর্মীরা নগরে নাশকতা সৃষ্টির জন্য জড়ো হন বলে দাবি করেন। গ্রেপ্তার হওয়া একজন ১৮ নভেম্বর নগরের ষোলশহর ও প্রবর্তক মোড়ে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত। ভিডিও ফুটেজ দেখে ওই শিবিরকর্মীকে শনাক্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদে শিবিরকর্মীরা পুলিশকে আরও জানান, চলমান সহিংস আন্দোলন জোরদার করতে কৌশল হিসেবে চট্টগ্রাম নগরের নেতা-কর্মীরা গ্রামে এবং গ্রামের নেতা-কর্মীরা নগরে চলে আসেন। পুলিশ ও গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে আন্দোলনকে আরও বেগবান করতে তাঁরা এই কৌশল অবলম্বন করেন বলে স্বীকার করেন। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ দাশ বলেন, ‘নাশকতা সৃষ্টির জন্য তাঁরা হাসপাতালের গোলচত্বরের সামনে জড়ো হচ্ছিলেন। খবর পেয়ে আমরা তাঁদের গ্রেপ্তার করি।’এদিকে শিবিরকর্মীদের আটকের পর পাঁচলাইশ থানার ওসির কাছে অজ্ঞাত জায়গা থেকে শিবিরের এক নেতা ফোন করে হুমকি দেন। হুমকিদাতা শিবির নেতার নামধাম পুলিশ নিয়েছে বলে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।