চট্টগ্রামে শিবিরের ঝটিকা মিছিল গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় গতকাল বুধবার ঝটিকা মিছিল করার সময় পুলিশ ছাত্রশিবিরের আট কর্মীকে গ্রেপ্তার করেছে। তাঁদের নগরের নাসিমন ভবন এলাকায় গাড়ি পোড়ানো ও পুলিশের ওপর হামলার ঘটনায় করা দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।গ্রেপ্তার হওয়া শিবিরের কর্মীরা হলেন: রকিবুল হাসান (১৮), রায়হান কায়সার (২১), আবদুল হালিম (১৯), মো. শাহজালাল (১৯), বেলাল (২৩), সালমান (২১), সিরাজুল ইসলাম (২৫) ও ইব্রাহিম (২২)। গতকাল সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তাঁদের পুলিশ গ্রেপ্তার করে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে শিবিরের ৫০-৬০ জন কর্মী চকবাজারের গুলজার মোড়ে জড়ো হন। একপর্যায়ে তাঁরা ঝটিকা মিছিল বের করেন। মিছিলকারীরা সরকারবিরোধী স্লোগান দিয়ে পালানোর সময় পুলিশ ধাওয়া করে প্রথমে চারজনকে গ্রেপ্তার করে। পরে অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।নগরের দক্ষিণাঞ্চল পুলিশের সহকারী কমিশনার আবদুল মান্নান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, গত এপ্রিলে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় এই আট ব্যক্তি জড়িত। তাই তাঁদের ওই ঘটনায় দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।