চট্টগ্রামে শিবিরের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রশিবিরের ঝটিকা মিছিল থেকে একে একে সাতটি ককটেল বিস্ফোরণ ঘটানোর সময় পুলিশও পাল্টা গুলি ছুড়েছে। এতে রাবার বুলেটে শিবিরের কয়েকজন সমর্থক আহত হন। তবে গুলিবিদ্ধসহ সবাই দৌড়ে পালিয়েছেন। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের তিনপোলের মাথায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর একটার পর ছাত্রশিবিরের শতাধিক কর্মী-সমর্থক নিউমার্কেটের অদূরে তিনপোলের মাথায় জড়ো হন। এ সময় একটি দলীয় ব্যানার বের করে তাঁরা মিছিল করার চেষ্টা করেন। কিন্তু সেখানে সাদা পোশাকে পুলিশ সদস্যরা টহল দিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, শিবিরের কর্মীরা জুবিলী সড়ক থেকে স্লোগান দিয়ে পর পর সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এতে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোতোয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ছাত্রশিবিরের শতাধিক নেতা-কর্মী ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তিনপোলের মাথায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন। কিন্তু আগে থেকেই ওই এলাকায় সাদা পোশাকে পুলিশের টহল ছিল। ককটেল বিস্ফোরণ ঘটানোর পর পুলিশ ১৯টি রাবারের গুলি ছোড়ে। একপর্যায়ে শিবিরের কর্মীরা পালিয়ে যান।