চট্টগ্রামে শিবিরের ঝটিকা মিছিল ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে ঝটিকা মিছিল থেকে ককটেলের বিস্ফোরণ এবং গাড়ি ভাঙচুর করেছে ছাত্রশিবির। নগরের কোতোয়ালি থানার চন্দনপুরা এলাকার দলীয় কার্যালয় থেকে ছাত্রশিবিরের শীর্ষস্থানীয় ৩৪ নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে এ ভাঙচুর চালায় ছাত্রশিবির। নেতা-কর্মীদের মুক্তিসহ চার দফা দাবি অবিলম্বে মানা না হলে কাল বৃহস্পতিবার বৃহত্তর চট্টগ্রামে আধা বেলা হরতালের হুমকি দিয়েছে সংগঠনটি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে ভোর চারটা পর্যন্ত অভিযান চালিয়ে ছাত্রশিবিরের ৩৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের সবাই চট্টগ্রাম নগর ও জেলা, কক্সবাজার জেলা ও নগরের বড় শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে অধিষ্ঠিত ছিলেন ও আছেন। নগরের বিভিন্ন জায়গায় বোমা হামলা ও নাশকতার সঙ্গে অনেকে জড়িত। ভিডিও ফুটেজ ও স্থিরচিত্রের সূত্র ধরে তাঁদের অনেককে শনাক্ত করা হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম গতকাল বিকেলে রিমান্ড শুনানি না করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার হওয়া উল্লেখযোগ্য নেতারা হলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর (উত্তর) শাখার সাধারণ সম্পাদক নুরুল আমীন, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, প্রচার সম্পাদক ইয়াসির আরাফাত, কক্সবাজার জেলা শিবিরের সভাপতি কামরুল হাসান, চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি আজিজুল হাকিম, চট্টগ্রাম কলেজ শাখার সাবেক সভাপতি আবদুল আজিজ মো. শোয়াইব প্রমুখ।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মো. রেজাউল মাসুদ প্রথম আলোকে বলেন, ‘কোতোয়ালি থানার পুলিশ ৩৪ আসামিকে আদালতে হাজির করেছিল। সবার ১০ দিন করে রিমান্ডও চাওয়া হয়েছিল। কিন্তু আদালত তাঁদের কারাগারে পাঠিয়ে দিয়েছেন। তবে কাল বুধবার (আজ) রিমান্ড আবেদনের ওপর শুনানি হতে পারে।’
কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মির্জা সায়েম মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘নাশকতার উদ্দেশ্যে তাঁরা (ছাত্রশিবিরের নেতা-কর্মী) মধ্যরাতে দলীয় কার্যালয়ে অবস্থান নিয়েছিলেন।’
এদিকে ৩৪ জনকে গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্রশিবির গতকাল দুপুরে সিরাজউদ্দৌলা সড়কে ঝটিকা মিছিল বের করে। মিছিল থেকে ১২-১৩টি ককটেলের বিস্ফোরণ এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে পথচারী এক যুবক আহত হন।
গতকাল ছাত্রশিবিরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নেতা-কর্মীদের মুক্তিসহ চার দফা দাবি না মানলে কাল বৃহস্পতিবার বৃহত্তর চট্টগ্রামে আধা বেলা হরতাল ডাকা হবে। চার দফা দাবির অন্য দাবিগুলো হলো নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, কথিত লুট করা মালামাল ফেরত ও ‘অতি-উৎসাহী’ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ।