চট্টগ্রামে শিবিরের তাণ্ডব
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন গতকাল বৃহস্পতিবার খারিজ হওয়ার পরপরই চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা এলাকায় তাণ্ডব চালিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা তিনটি গাড়িতে আগুন দেন এবং বেশ কিছু গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় পুলিশের তিন সদস্যসহ কমপক্ষে পাঁচজন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর বেলা পৌনে একটার দিকে গণজাগরণ মঞ্চ লাঠি নিয়ে আনন্দ মিছিল বের করে। মিছিলটি আন্দরকিল্লা হয়ে চেরাগী পাহাড় মোড়ে এসে অবস্থান নেয়। একই সময়ে আন্দরকিল্লা থেকে আওয়ামী লীগের একটি মিছিল বের হয়। আন্দরকিল্লা মোড়ে নৈরাজ্য ও অবরোধবিরোধী সমাবেশ থেকে এই মিছিল বের হয়। মিছিলটি আন্দরকিল্লা থেকে বকশিরহাটের দিকে যাওয়ার সময় মসজিদ মার্কেট থেকে মিছিলে পাথর নিক্ষেপ করা হয়। এতে দুজনের মাথা ফেটে যায়। এ সময় সমাবেশস্থলে দুই মোটরসাইকেল আরোহী এসে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এতে প্রথমে পিছু হটে যান আওয়ামী লীগের কর্মীরা। ককটেলের শব্দ শুনে চেরাগী পাহাড় মোড়ে অবস্থানরত গণজাগরণ মঞ্চের কর্মীরা লাঠি নিয়ে আন্দরকিল্লায় আসেন। তাঁদের সঙ্গে আওয়ামী লীগের কর্মীরা যোগ দিয়ে লাঠিসোঁটা নিয়ে জামায়াত-শিবিরের কর্মীদের ধাওয়া করেন।
গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী শরীফ চৌহান বলেন, ‘আমরা মিছিল নিয়ে আসার পরপরই ককটেল বিস্ফোরণ ঘটে। পরে আমাদের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেন। এতে আওয়ামী লীগের কর্মীরাও যোগ দেন।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ধাওয়া খেয়ে জামায়াত-শিবিরের কর্মীরা সিরাজদ্দৌলা সড়কে অবস্থান নেন। আর আন্দরকিল্লা মোড় দখল করে গণজাগরণ মঞ্চের কর্মীরা বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে সিরাজদ্দৌলা সড়কে একটি অ্যাম্বুলেন্সসহ তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও কয়েকটি গাড়ি। পরে অতিরিক্ত পুলিশ এসে ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে শিবিরের কর্মীরা অবস্থান ছেড়ে পালিয়ে যান।
আহত ব্যক্তিদের মধ্যে কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার মির্জা সায়েম মাহমুদও রয়েছেন। তাঁর পায়ে ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। বাকি দুজন পুলিশ কনস্টেবল। তাঁরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন বলেন, ‘আকস্মিকভাবে বোমাবাজি করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে শিবিরের কর্মীরা। পুলিশ তাৎক্ষণিকভাবে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তারা গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালালে পুলিশ ৫০টি রাবার বুলেট ছুড়ে তাদের তাড়িয়ে দেয়। পরে আমরা ছয়জনকে আটক করি। হামলাকারীদের মধ্যে সাংবাদিক আছে বলে আমরা শুনেছি।’
এদিকে দুপুরে বহদ্দারহাট মোড়ে শিবিরের মিছিল থেকে ককটেল ছোড়া হয়। এ সময় পুলিশের সঙ্গে শিবিরের কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
ফেনীতে ভাঙচুর-অগ্নিসংযোগ: অবরোধ ও হরতাল চলাকালে গতকাল ফেনী শহর ছিল কার্যত অবরুদ্ধ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ভোর থেকে শিবিরের কর্মীরা শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের এক কিলোমিটার, ট্রাঙ্ক রোডের মদিনা বাসস্ট্যান্ড থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত এক কিলোমিটার অংশে গাছ ও ইট ফেলে অবরোধ গড়ে তোলে। অন্যদিকে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা ফেনী সদর হাসপাতাল মোড়, পলিটেকনিক ইনস্টিটিউট ও জিএ একাডেমি এলাকায় সড়কে গাছ ফেলে অবরোধ করেন। সকাল থেকে শিবির ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে শহরের বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড মিছিল করেন। বেলা সাড়ে ১১টার দিকে হরতাল-সমর্থকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফিলিং স্টেশন এলাকায় একটি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিসংযোগ ও একটি কাভার্ড ভ্যান ভাঙচুর করেন। দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর এলাকায় গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেন অবরোধ-সমর্থকেরা। বিকেলে মহাসড়কের মুহুরী ব্রিজ এলাকায় দুটি ট্রাকে অগ্নিসংযোগ ও তিনটি গাড়ি ভাঙচুর করা হয়।
এদিকে ফেনীর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. রাশেদ খান চৌধুরী বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফিলিং স্টেশনের সামনে কর্তব্যরত পুলিশ কনস্টেবলদের লক্ষ্য করে অবরোধ-সমর্থকেরা একটি ককটেল নিক্ষেপ করেন। এতে কনস্টেবল নুরুল করিম (২৪) ও আবু সুফিয়ান (২৫) আহত হন। নুরুল করিমকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবু সুফিয়ানকে একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কক্সবাজারে ১৮ গাড়ি ভাঙচুর: পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাতটা ও দুপুর ১২টার দিকে শিবিরের কর্মীরা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খরুলিয়া, বাংলাবাজার, লিংকরোড এবং টেকনাফ-কক্সবাজার সড়কের রহিম্যার টেক এলাকায় ১৮টি অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক ভাঙচুর করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, যানবাহনে ভাঙচুরের অভিযোগে বাংলাবাজার ও খরুলিয়া থেকে পুলিশ শিবিরের সাত কর্মীকে আটক করেছে।
বোয়ালখালীতে গাড়ি ভাঙচুর: প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে ২০-২৫ জন মুখোশধারী ব্যক্তি চট্টগ্রামের বোয়ালখালীতে রেলওয়ে (কালুরঘাট) সেতুর ওপরে উঠে ২০-২৫টি গাড়ি ভাঙচুর করেন। এ সময় একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, ফেনী ও কক্সবাজার এবং বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা]